আগামী কোরবানির ঈদ উপলক্ষে তাসনিয়া ফারিন এক ডজন নাটকের কাজ শেষ করেছেন। নাটকগুলো হচ্ছে ইমরাউল রাফাতের ‘আমি গাঁধা বলছি’, তুহিন হোসেনের ‘প্রতিবিম্ব’, হাসিব খানের ‘মিউচুয়াল ব্রেকআপ’, মাকসুদুর রহমান বিশালের ‘আক্ষেপ’, এ জে আসাদের ‘নিভৃতে যতনে’, শহীদ উন নবী’র ‘আগুনের দিন শেষ হবে একদিন’, ফামি কবিরের ‘রেসিপি অব লাভ’, জিয়াউল হক পলাশের সারপ্রাইজ’, ‘মনিরুজ্জামান জুলহাসের ‘আমি আর কখনো ভালোবাসবোনা’, ফজলুল সেলিমের ‘মেয়েটির ফাঁদে ছেলেটি’, সালাহউদ্দিনের ‘হার্টলেস’ ও মাসুদ আল জাবেরের ‘ড্রিমিং বাংলাদেশ’।
এই বারোটি নাটকের কাজই তিনি এরই মধ্যে শেষ করেছেন। আগামী ঈদ পর্যন্ত তিনি ব্যস্ত থাকবেন মেহেদী হাসান হূদয়, মোহন আহমেদ, আওরঙ্গজেব ও ফিরোজ খানের নির্দেশনায় বিভিন্ন নাটকের কাজ নিয়ে।
আগামী ঈদ উপলক্ষে নাটকগুলোতে অভিনয় প্রসঙ্গে তাসনিয়া ফারিন বলেন, ‘সত্যি বলতে কী আমি এখনো পড়াশুনা নিয়েই বেশি ব্যস্ত। তাই পেশাগতভাবে আমি এখনো একজন অভিনেত্রী হয়ে উঠতে পারিনি। তবে অভিনয় আমার ভালোলাগা, ভালোবাসা। যেহেতু বিগত টানা বেশ কিছুদিন আমার ছুটি ছিল। তাই যেসব গল্প ভালো লেগেছে, সেগুলোর কাজ শেষ করেছি। যে বারোটি নাটকের কাজ শেষ করেছি প্রত্যেকটিতে আমাকে ভিন্ন ধরনের চরিত্রে দেখা যাবে। প্রতিটি কাজই দর্শকের কাছে ভালোলাগার হয়ে উঠবে বলে আমি বিশ্বাস করি। ঈদের পরই আমার সেমিস্টার ফাইনাল। তাই ঈদের পর খুব বেশি কাজ করতে পারব না। এ কারণেই ঈদের আগে কাজের চাপটা একটু বেশিই যাচ্ছে।’





