ঈদযাত্রা নির্বিঘ্ন করতে খুলে দেয়া হচ্ছে গোড়াই উড়াল সেতু

মির্জাপুরের গোড়াই উড়াল সেতুতে চলছে শেষ মূহুর্তের কাজ। ছবিটি শুক্রবারের

ছবিঃ রাব্বি ইসলাম

সারা দেশ

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে খুলে দেয়া হচ্ছে গোড়াই উড়াল সেতু

  • মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
  • প্রকাশিত ২২ এপ্রিল, ২০২২

প্র্রতিবছরই ঈদযাত্রায় ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে দীর্ঘ যানজটের কারণে ভোগান্তি পোহাতে হয় ঘরমুখো মানুষের। আর ঈদকে কেন্দ্র করে যানবাহনগুলোতে নাড়ীর টানে বাড়ি ফেরা মানুষের চাপে সপ্তাহজুড়ে এ যানজট লাগাতার চলতেই থাকে। তাই এবারের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে আগামী ২৫ এপ্রিল খুলে দেয়া হচ্ছে টাঙ্গাইলের মির্জাপুরের ‘গোড়াই উড়াল সেতু’। সম্প্রতি ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক পরিদর্শনে এসে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন, সাউথ এশিয়া সাবরিজিওনাল ইকোনমিক কো-অপারেশন (সাসেক-২) প্রকল্প পরিচালক ওয়ালিউর রহমান।

তিনি আরও বলেন, উত্তরবঙ্গসহ ২৬টি অঞ্চলের মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সড়ক বিভাগ সচেষ্ট। মহাসড়কের ঝুকিপূর্ণ স্থানগুলোর সংস্কার কাজও প্রায় শেষের দিকে। মানুষ যাতে ভোগান্তি ছাড়াই নিজ পরিবারের সাথে ঈদ উদযাপন করতে পারেন সেই লক্ষ্যে কাজ করা হচ্ছে। যানজট নিরসনে আগামী ২৫ এপ্রিল টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গোড়াই উড়াল সেতুসহ মহাসড়কের আরো বেশ কয়েকটি সেতু খুলে দেয়া হচ্ছে। বলেন, গোড়াই উড়াল সেতুর ঢাকা থেকে উত্তরবঙ্গগামী লেনটি ছেড়ে দেওয়া হবে। এছাড়া পূর্বের মতোই পুরনো সড়ক দিয়ে ঢাকামুখী লেনের যানবাহন চলাচল করবে। সরেজমিনে শুক্রবার উড়াল সেতু পরিদর্শন করে দেখা যায় দিন-রাত নিরলসভাবে কাজ করছেন প্রকল্প সংশ্লিষ্ট ও শ্রমিকরা।

হাইওয়ে পুলিশও তাদের যথেষ্ট সহযোগিতা করছেন উল্লেখ করে বলেন, ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নিরাপদ করতে হাইওয়ে পুলিশের ভূমিকাও অপরিসীম।
গোড়াই হাইওয়ে থানার ওসি মো. আজিজুল হক জানান, আসন্ন ঈদ যাত্রায় মহাসড়কে যানজট নিরসনে সার্বক্ষণিক কাজ করবে হাইওয়ে পুলিশ। এছাড়াও বিভিন্ন পয়েন্টে পুলিশ মোতায়েন করা হবে এবং মোটরসাইকেল মোবাইল টিমও কাজ করবে। গোড়াই হাইওয়ে থানার এরিয়াতে যানজট হবেনা বলে আশাবাদ প্রকাশ করেন।

টাঙ্গাইল জেলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার বাংলাদেশের খবরকে বলেন, জেলা পুলিশ থেকে প্রতিবছরই ছয়শ পুলিশ মোতায়েন করা হয়। তবে এবছর আমরা বাইরের ইউনিট থেকে আরো দুইশ পুলিশের জন্য সদর দপ্তরে চাহিদা প্রেরণ করা হয়েছে। আমরা আশা করছি এবছর খুব ভালো ভাবেই পরিস্থিতি সামাল দিতে পারবো।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads