ইউএনও’কে অবরুদ্ধ করে জরিমানার টাকা ফেরত নেয়ায় ৬ ব্যবসায়ী গ্রেপ্তার

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

ইউএনও’কে অবরুদ্ধ করে জরিমানার টাকা ফেরত নেয়ায় ৬ ব্যবসায়ী গ্রেপ্তার

  • লালমনিরহাট প্রতিনিধি
  • প্রকাশিত ১২ এপ্রিল, ২০২১

জেলার পাটগ্রামে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রাম কৃষ্ণের গাড়ি অবরোধ করে জরিমানার টাকা ফেরত নেয়ার অপরাধে ৬জন ব্যবসায়িকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। রোববার রাতে তাদের গ্রেপ্তার করা হয়। এর আগে, গত বুধবার উপজেলার বাউরা বাজারে এসে স্থানীয় ব্যবসায়ীদের কাছে অবরুদ্ধ হন ইউএনও রাম কৃষ্ণ।

গ্রেপ্তারব্যক্তিরা হলেন- বাউরা বাজারের হোটেল ব্যবসায়ি সিরাজ পাটোয়ারি (৬৫), হোটেল ব্যবসায়ি আসগর আলী (৪০), কাপড় ব্যবসায়ি বুলবুল আহম্মেদ (৪০), হোটেল ব্যবসায়ি হাবিবুল হক (৩৫), চাল ব্যবসায়ি রুবেল (৩০) ও গালামাল ব্যবসায়ি নূরনবী (২৫)।

জানা গেছে, মহামারী করোনাভাইরাস সংক্রমণ রোধে সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি নিশ্চিতকরণ ও লকডাউন কার্যকর করতে গত ৭ এপ্রিল বুধবার পাটগ্রাম উপজেলার বাউরা বাজারে আসেন উপজেলা নির্বাহী অফিসার রাম কৃষ্ণ। এ সময় স্বাস্থ্যবিধি না মানায় ও সরকার ঘোষিত লকডাউন অমান্য করে দোকান খুলে রাখার অপরাধে কয়েকজন ব্যবসায়িকে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও রাম কৃষ্ণ। এতে স্থানীয় ব্যবসায়িরা ক্ষিপ্ত হয়ে বাজারে থাকা অন্যান্য লোকজনকে সাথে নিয়ে বিক্ষোভ প্রদর্শন করে ইউএনও’র উপর চড়াও হন এবং জরিমানার অর্থ ফেরত দিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট রামকৃষ্ণকে বাধ্য করান অভিযুক্ত ব্যবসায়ীরা। কোন উপায় না পেয়েই নির্বাহী ম্যাজিস্ট্রেট জরিমানার টাকা ফেরত দিয়ে সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে বাজার ছেড়ে চলে যান।

পরে সরকারি কাজে বাধা দেওয়া ও ইউএনও’র উপর চড়াও হওয়ার অপরাধে উপজেলা নির্বাহী অফিসের পেশকার স্বপন কুমার রায় বাদী হয়ে এজাহার নামীয় আটক ওই ৬ জনসহ অজ্ঞাত আরো ১০০জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন।

পাটগ্রাম থানার ওসি সুমন কুমার মহন্ত জানান, নিরাপত্তার কারণে ওই রাতেই আটক ৬ ব্যবসায়ীকে পার্শ্ববর্তী হাতীবান্ধা থানায় আটক রাখা হয়। সোমবার দুপুরে আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে বলেও তিনি জানান।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads