দলের মনোনয়ন না পেয়ে গণফোরামে যোগ দিয়েছেন আওয়ামী লীগ সরকারের সাবেক তথ্য প্রতিমন্ত্রী অধ্যাপক আবু সাইয়িদ। এদিকে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি যোগ দিয়েছেন বিএনপিতে। গতকাল তারা রাজধানীতে পৃথক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে দুই দলে যোগদান করেন। আওয়ামী লীগ থেকে মনোনয়নবঞ্চিত হয়ে গণফোরামে যোগ দিয়েছেন অধ্যাপক আবু সাইয়িদ। গতকাল দুপুরে মতিঝিলের গণফোরাম অফিস থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি। এরপর মতিঝিলে জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের চেম্বারে গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করেন। আবু সাইয়িদের যোগদানের বিষয়ে গণফোরাম সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু বাংলাদেশের খবরকে বলেন, অধ্যাপক আবু সাইয়িদ তাদের কার্যালয় থেকে পাবনা-১ (সাথিয়া-বেড়া) আসনের জন্য দলের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এরপর তিনি মতিঝিলে ড. কামাল হোসেনের সঙ্গে সাক্ষাৎ করেন।
১৯৯৬ সালে পাবনা-১ আসন থেকে নৌকা প্রতীকে নির্বাচিত হয়ে অধ্যাপক আবু সাইয়িদ তৎকালীন আওয়ামী লীগ সরকারের তথ্য প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। তবে হেরে যান ২০০১ সালে। সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে তিনি সংস্কারপন্থি হিসেবে পরিচিত হয়ে ওঠেন। এ কারণে দলে অবস্থান হারান আবু সাইয়িদ। পাবনা-১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু।
বিএনপিতে রনি : গতকাল বিকালে বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে দলটিতে যোগদান করেন আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি। যোগদান শেষে রনি সাংবাদিকদের বলেন, ‘আমি জেনে, বুঝে, সজ্ঞানে আওয়ামী লীগ থেকে বিএনপিতে যোগ দিলাম। আমি যতদিন বেঁচে থাকি, দেশ ও জনগণের সেবা করতে চাই। আমৃত্যু এই দলেই থাকব।’
তিনি বলেন, ‘আমরা যারা রাজনীতি করি তাদের ইচ্ছা থাকে সংসদে আসার। আমি যদি বলি নমিনেশন পাওয়ার ইচ্ছা আমার নেই, তাহলে সেটি ভুল হবে। আবার যদি বলি শুধু নমিনেশন নেওয়ার জন্য এসেছি, তাহলেও ভুল বলা হবে। আমি আজীবন বিএনপিতেই থাকতে চাই।’
জানা গেছে, এবার তার সংসদীয় আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য আওয়ামী লীগের মনোনয়ন ফরম তুলেছিলেন। কিন্তু এবারো তিনি মনোনয়ন পাননি। নৌকার টিকেট না পেয়ে এবার পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দিয়েছিলেন আওয়ামী লীগের সাবেক এ সংসদ সদস্য।
এদিকে, গোলাম মাওলা রনির যোগদানের বিষয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আমরা ক্রান্তিকাল অতিক্রম করছি। জাতি দুঃসহ সময় পার করছে। এই ক্রান্তিকালে গোলাম মাওলা রনির মতো মেধাবী, সৎ, প্রজ্ঞাবান তরুণকে পেয়ে আমরা উদ্বেলিত, আনন্দিত। লন্ডন থেকে বিএনপির ভাইস চেয়ারম্যান গোলাম মাওলা রনিকে অভিনন্দন জানিয়েছেন।’





