আগামী ১৬ই জানুয়ারি অনুষ্ঠেয় টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের উপ-নির্বাচনে ঋণ খেলাপির দায়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী খান আহমেদ শুভসহ চার প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে।
আজ সোমবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন জেলা নির্বাচন রিটার্নিং কর্মকর্তা ময়মনসিংহ আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা শাহেদুন্নবী চৌধুরী।
মনোনয়ন বাতিলকৃত প্রার্থীরা হলেন- আওয়ামী লীগ মনোনীত খান আহমেদ শুভ, বৈরাবরী পার্টির যুগ্ম-সম্পাদক আলমগীর হোসেন, স্বতন্ত্র প্রার্থী নুরুল ইসলাম নুরু ও আরজু মিয়া।
জেলা নির্বাচন অফিস সুত্র জানায়, আজ সোমবার (২০ডিসেম্বর) বেলা পাঁচটা পর্যন্ত মনোনয়নপত্র যাচাই-বাছাই হয়। এতে ঋণ খেলাপির দায়ে আ.লীগের প্রার্থী খান আহমেদ শুভ, ১ শতাংশ ভোটার তালিকায় গড়মিল থাকায় ও রাজনৈতিক দল নিবন্ধিত না থাকায় বাংলাদেশ বৈরাবরি পার্টির সৈয়দ আলমগীর হোসেন, স্বতন্ত্রের নুরুল ইসলাম নুরু ও আরজু মিয়ার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করে নির্বাচন রিটার্নিং কর্মকর্তা।
সহকারি রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা এএইচএম কামরুল হাসান বলেন, মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে চার জনের মনোনয়ন বাতিল হয়েছে। তবে, তাদের আপিল করার সুযোগ রয়েছে।
যাদের মনোনয়নপত্র বৈধ হয়েছে তারা হলেন, জাতীয় পার্টি মনোনীত জহিরুল ইসলাম জহির, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি মনোনীত গোলাম নওজব চৌধুরী পাওয়ার ও বাংলাদেশ কংগ্রেস পার্টি মনোনীত রূপা রায় চৌধুরী।





