চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার বলেন, আলোকিত মানুষই গড়ে তুলতে পারে একটি আলোকিত সমাজ, জাতি তথা রাষ্ট্র। মানুষকে সত্যিকারের আলোকিত মানুষ হিসেবে গড়ে তোলার প্রধান অনুষঙ্গ শিক্ষা; আর শিক্ষা গ্রহণের প্রথম প্রাতিষ্ঠানিক ধাপ হচ্ছে বিদ্যালয়। উত্তর চট্টগ্রামের প্রাচীনতম এ শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠালগ্ন থেকে সগৌরবে নিরবচ্ছিন্নভাবে আলোকিত মানবসম্পদ উৎপাদনের কাজটি করে চলেছে।
আজ শনিবার দুপুর সাড়ে ১২ টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের ৫০ বছর পূর্তি ‘সুবর্ণ জয়ন্তী’ উৎসবের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
উপাচার্য বলেন, চবি ল্যবরেটরি স্কুল এন্ড কলেজ হাঁটি হাঁটি পা পা করে দীর্ঘ ৫০ বছর অতিক্রম করে সুবর্ণ জয়ন্তী উৎসব পালন করছে। এই উৎসব প্রাক্তন ও নবীনদের এক মহা মিলন উৎসব; সকল অন্যায়-দুর্নীতি, জঙ্গি-সন্ত্রাসকে প্রতিহত করে ঐক্যবদ্ধ হওয়ার এই উৎসব।
এদিকে বিপুল উৎসাহ-উদ্দীপনা ও বর্ণাঢ্য আয়োজনে উৎসবটি পালিত হয়েছে। দিনব্যাপি কর্মসূচির মধ্যে ছিল-আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা, সংবর্ধনা, স্মৃতিচারণ, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং র্যাফল ড্র। উপাচার্য চবি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের সম্মাননা ক্রেস্ট প্রদান করেন এবং অনুষ্ঠানের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান ও উত্তরীয় পরিয়ে দেয়া হয়।
উৎসবে সুবর্ণ জয়ন্তী বক্তা হিসেবে বক্তব্য রাখেন চবি ছাত্র-ছাত্রী পরামর্শ ও নির্দেশনা কেন্দ্রের পরিচালক প্রফেসর সিরাজ উদ দৌল্লাহ এবং বিশেষ অতিথির বক্তব্য রাখেন চবি প্রক্টর প্রফেসর এস এম মনিরুল হাসান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটির সদস্য-সচিব রাশেদ বিন আমিন চৌধুরী।
সুবর্ণ জয়ন্তী উৎসব কমিটির আহবায়ক উক্ত স্কুল এন্ড কলেজের প্রাক্তন শিক্ষার্থী বিশিষ্ট চিকিৎসক ডা. প্রীতিশ বড়ুয়ার সভাপতিতে ইমতেনান মো. জাকি’র সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চবি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের পরিচালনা পর্ষদের প্রাক্তন সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ জসীম উদ্দিন, অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) শামসাদ বেগম চৌধুরী, মাধ্যমিক শাখার শিক্ষক মো. গোলাম মোস্তফা সরকার, স্কুলের প্রাক্তন শিক্ষার্থী ডিআইজি (এডমিন), ফিন্যান্স এন্ড টেলিকমিউনিকেশন মোরশেদুল আনোয়ার খান, গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুগ্ন সচিব শেখ মোমেনা মনি, প্রাক্তন শিক্ষার্থী ডা.ইশরাত জাহান, পুস্পল কান্তি পালিত, সফিউল বশর এবং সুবর্ণ জয়ন্তী উদযাপন পরিষদের সমন্বয়ক এম এ খালেদ চৌধুরী। অনুষ্ঠানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, স্কুল এন্ড কলেজের শিক্ষক, প্রাক্তন শিক্ষার্থী ও তাঁদের পরিবারবর্গ, বর্তমান শিক্ষার্থী এবং সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।





