খেলা

আম্পায়ার নাদির শাহ আর নেই

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১০ সেপ্টেম্বর, ২০২১

বাংলাদেশের আইসিসি প্যানেল আম্পায়ার নাদির শাহ আর নেই। দীর্ঘদিন ধরে ফুসফুসের ক্যান্সারে ভুগছিলেন আম্পায়ার নাদির শাহ।

আজ শুক্রবার ভোর পৌনে ৪টার দিকে রাজধানীর আনোয়ার খান মডার্ন হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি (ইন্নালিল্লাহি…রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৭ বছর।

নাদির শাহর মারা যাওয়ার খবরটি নিশ্চিত করেছেন তার বড় ভাই জাহাঙ্গীর শাহ বাদশা। তিনি জানান, রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে ধানমন্ডির একটি হাসপাতালে নাদির শাহ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। হাসপাতালের বাকি আনুষ্ঠানিকতা শেষে নাদির শাহকে তার ধানমণ্ডিস্থ বাসায় নেওয়া হয়েছে। জুমার পর হবে জানাজা। 

দীর্ঘদিন ধরে দুরারোগ্য ফুসফুসের ক্যান্সারে ভুগছিলেন নাদির শাহ। ২০১৯ সালের অক্টোবরে জাতীয় লিগের ম্যাচ পরিচালনা করার সময় মাঠেই অসুস্থ হয়ে পড়েন। ধরা পড়ে কর্কট রোগ। তারপর থেকেই অনেকটা গৃহবন্দি মাঠের এই মানুষ। চলছিল চিকিৎসা। মাঝে সুস্থ হওয়ার বার্তা দিয়ে জানিয়েছিলেন, আবার আম্পারিংয়ে ফিরতে চান। তবে প্রাণঘাতী ক্যান্সারের সঙ্গে আর পেরে উঠলেন না তিনি। একেবারে বিদায় বলে দিলেন!

বগুড়ায় বাংলাদেশ-কেনিয়া ম্যাচ দিয়ে ২০০৬ সালে শুরু আন্তর্জাতিক অঙ্গনে আম্পায়ারিংয়ের পথচলা শুরু নাদির শাহের। ৬ বছরে ৩টি টোয়েন্টির পাশাপাশি পরিচালনা করেছেন ৪০ ওয়ানডে ম্যাচ পরিচালনা করেছেন তিনি। বড় ভাই জাহাঙ্গীরের মতো জাতীয় দলের জার্সি গায়ে জড়াতে না পারলেও আশির দশকে ঘরোয়া ক্রিকেটে নিয়মিত ছিলেন নাদির শাহ। একাধারে খেলেছেন ভিক্টোরিয়া, বিমান, আবাহনী, মোহামেডানের মতো ক্লাবের হয়ে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads