বরিশালের আগৈলঝাড়া উপজেলা সদরের শ্রীমতি মাতৃমঙ্গল বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর এক ছাত্রীকে অপহরণের ২২দিন পর পাবনা জেলার ঈশ্বরদী এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। এ সময় অপহরণকারী শামীম হোসেন প্রমানিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে আগৈলঝাড়া থানা ওসি মো. আফজাল হোসেন জানান, আগৈলঝাড়া এলাকায় পল্লী বিদ্যুতের শ্রমিকের কাজ করতে আসে নাটোর জেলার সিংড়া থানার মারিয়া গ্রামের মোতালেব প্রমানিকের পুত্র শামীম হোসেন (২১)। শামীম আগৈলঝাড়ার শ্রীমতি মাতৃমঙ্গল বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর এক ছাত্রীকে স্কুলে আসা যাওয়া পথে প্রেমের প্রস্তার দিয়ে ব্যর্থ হয়। এরপর গত ৭ জানুয়ারি ওই ছাত্রী স্কুল থেকে বাড়ি ফেরার পথে শামীম তাকে মাইক্রোবাসে কৌশলে অপহরণ করে। এ ঘটনায় অপহৃতা ছাত্রীর বাবা ৮ জানুয়ারি থানায় অপহরণ মামলা করেন।
মামলায় তদন্তকারী কর্মকর্তা এসআই সাহাবুদ্দিন গোপন সংবাদের ভিত্তিতে ২৮ জানুয়ারি দিবাগত রাতে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে পাবনার ঈশ্বরদীর জয়নগর এলাকা থেকে অপহরনকারী শামীমকে গ্রেপ্তার ও অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধার করেন। উদ্ধারকৃত অপহৃত ছাত্রী ও গ্রেপ্তারকৃত অপহরণকারী শামীমকে বুধবার দিবাগত রাতে আগৈলঝাড়া থানায় নিয়ে আসা হয়। বৃহস্পতিবার সকালে অপহরনকারীকে আদালতে ও অপহৃতাকে ডাক্তারী পরীক্ষার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে।





