কুমিল্লার বুড়িচং উপজেলার আবিদপুর গ্রামে প্রথম শ্রেণীর এক শিশুকে ধর্ষণ চেষ্টায় গ্রামবাসী আব্দুল ওয়াদুদ (৪২) নামের এক বিজিবি সদস্যকে আটকে পুলিশ সোপর্দ করেছে। পরে এঘটনায় দায়ের করা মামলায় রোববার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। ওয়াদুদ আবিদপুর গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে। সে কক্সবাজার ৩৪ বিজিবিতে কর্মরত।
মামলার বিবরণে জানা যায়, জেলার বুড়িচং উপজলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্রী (৫)। সে আবিদপুর গ্রামে নানার বাড়িতে থেকে পড়ালেখা করতো। গত ১১ মার্চ সকালে সে প্রতিদিনের মতো স্কুলে যায়। ফেরার পথে একই গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে বিজিবি সদস্য আব্দুল ওয়াদুদ তাকে আইসক্রিমের লোভ দেখিয়ে তার বাড়ির পাশের একটি কক্ষে নিয়ে ধর্ষণের চেষ্টা করে । এসময় সে চিৎকার করলে তার হাতে ৫ টাকা দিয়ে বাড়ি চলে যেতে বলে। বাড়িতে এসে শিশুটি কান্নাকাটি করতে থাকলে নানা-নানী তার কাছে বিষয়টি জানতে চাইলে সে সব ঘটনা খুলে বলে। পরে শনিবার সন্ধ্যায় আব্দুল ওয়াদুদ আবিদপুর বাজার গেলে গ্রামবাসী তাকে বিষয়টি জিজ্ঞাসা করলে সে উল্টো ধমক দেয়। এ নিয়ে তর্কবিতর্কের এক পর্যায়ে লোকজন তাকে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।
বুড়িচং থানার ওসি মো. মোজাম্মেল হক জানান, ধর্ষণ চেষ্টার মামলায় তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।





