অস্ত্র মামলায় রিজেন্ট গ্রুপ ও হাসপাতালের চেয়ারম্যান সাহেদ করিমের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। এ অভিযোগ গঠনের ফলে মামলাটির আনুষ্ঠানিক বিচার শুরু হলো।
আজ বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ তার বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। সেই সঙ্গে এই মামলায় সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ১০ সেপ্টেম্বর দিন ধার্য করে দেন বিচারক।
এর আগে বুধবার ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ মামলার অভিযোগপত্র গ্রহণ করেন।
ঢাকা মহানগর হাকিম মোর্শেদ আল মামুন ভূঁইয়ার আদালতে আসামি ৩০ জুলাই সাহেদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক মো. শায়রুল।
উল্লেখ্য, গত ১৫ জুলাই সাতক্ষীরার সীমান্তবর্তী এলাকা থেকে মো. সাহেদকে গ্রেপ্তার করে র্যাব। পরে তাকে র্যাবের হেলিকপ্টারে করে ঢাকায় আনা হয়।
পরদিন করোনা পরীক্ষার নামে ভুয়া রিপোর্টসহ বিভিন্ন প্রতারণার অভিযোগে দায়ের করা মামলায় সাহেদের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এরপর তাকে নিয়ে উত্তরায় অভিযান চালিয়ে অস্ত্র উদ্ধার করেন ডিবি পুলিশ। অস্ত্র উদ্ধারের ঘটনায় তার বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় মামলাটি করা হয়।





