গাজীপুরের কালীগঞ্জ উপজেলার নাগরী ইউনিয়নের কুচিলাবাড়ি এলাকার জোড়া পাম্প সংলগ্ন একটি মুদি দোকানের সামনে শুয়ে ছিলেন ষাটোর্ধ এক বৃদ্ধ। স্থানীয় পেট্টিক রোজারিও নামে এক লোক সেখান থেকে উদ্ধার করে ওই বৃদ্ধাকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করানো হয়।
আজ মঙ্গলবার (১৯ অক্টোবর) সকালে তিনি চিকিৎসাধীন অবস্থায় সেখানে মারা যান। পরে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এরআগে গত মাসের ২১ তারিখে তাকে অসুস্থ অবস্থায় কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করা হয়।
মঙ্গলবার (১৯ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শামীম মিয়া।
এসআই জানান, নিহতের বয়স আনুমানিক ৬০/৬২ বছর। তবে তার কোন পরিচয় জানা যায়নি। জীবিত থাকতে তার সাথে কথা বলার চেষ্টা করলেও তিনি কোন কথা বলতে পারেননি। চেহারা অনেকটা রুগ্ন-শুগ্ন। মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর পাঠানো হয়েছে। সেখান থেকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টেগেশন (পিবিআই) নিহতের আঙ্গুলের ছাপ নিয়ে পরিচয় সনাক্তের চেষ্টা করছে বলেও জানান পুলিশের ওই এসআই।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডাঃ অভিজিৎ দাস বলেন, ২৮ দিন আগে আহত অবস্থায় তাকে হাসপাতালে আনা হয়। এরপর এখানেই চিকিৎসাধীন ছিলেন তিনি। সকালে তিনি এখানেই মারা যান।
যারা নিয়ে এসেছেন তাদের বরাত দিয়ে তিনি আরো জানান, আহত বৃদ্ধটি সড়ক দূর্ঘটনায় আহত ছিলেন। তার মাথায় ওই সময় আঘাতের চিহ্নও ছিল।





