দেশের বন্যা পরিস্থিতি দিন দিন খারাপের দিকে ধাবিত হচ্ছে। বেশির ভাগ নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে প্লাবিত হয়েছে বেশ কিছু জেলার নিম্নাঞ্চল। কয়েক জেলার মানুষ পনিবন্দি হয়ে পড়েছে। খুলে দেওয়া হয়েছে তিস্তা ব্যারেজের ৪৪ গেট।
গতকাল শুক্রবার বন্যার পরিস্থিতি তুলে ধরেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী মো. আরিফুজ্জামান ভুঁইয়া। তিনি জানান, দেশের ১০টি নদ-নদীর পানি ২২টি পয়েন্টে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বন্যায় প্লাবিত হয়েছে ১৫ জেলার নিম্নাঞ্চল। এর মধ্যে ১১ জেলার বন্যা পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে।
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানায়, বর্তমানে দেশের ১৫ জেলা বন্যায় আক্রান্ত হয়েছে। এগুলো হচ্ছে-কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, গাইবান্ধা, বগুড়া, জামালপুর, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, পাবনা, মানিকগঞ্জ, গাজীপুর, মুন্সীগঞ্জ, রাজবাড়ী, ফরিদপুর ও শরীয়তপুর। এসব জেলার মধ্যে আগামী ২৪ ঘণ্টায় কুড়িগ্রাম, গাইবান্ধা, বগুড়া, জামালপুর, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, পাবনা, মানিকগঞ্জ, রাজবাড়ী, ফরিদপুর ও শরীয়তপুরের বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে। এছাড়া দেশের ১০টি নদীর পানি ২২টি পয়েন্টে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নদীগুলোর মধ্যে রয়েছে দুধকুমার, ধরলা, ব্রহ্মপুত্র, যমুনা, তিস্তা, ঘাঘট, তুরাগ, পদ্মা, আত্রাই ও ধলেশ্বরী।
ব্রহ্মপুত্র নদীর পানি সমতলে স্থিতিশীল আছে। অপরদিকে যমুনা নদীর পানির সমতল বৃদ্ধি পাচ্ছে, যা আগামী ২৪ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। গঙ্গা ও পদ্মানদীর পানি সমতলে বৃদ্ধি পাচ্ছে যা আগামী ২৪ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে।
দেশের উত্তর-পূর্বাঞ্চলের আপার মেঘনা অববাহিকার প্রধান নদীগুলোর পানি সমতলে হ্রাস পাচ্ছে যা আগামী ২৪ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এছাড়া আগামী ২৪ ঘণ্টায় তিস্তা নদীর অববাহিকার নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতি স্থিতিশীল থাকতে পারে। কয়েক দিনের ভারি বর্ষণ এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে তিস্তা নদীর পানি বেড়ে বিপৎসীমার ৩৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে তিস্তা তীরবর্তী এলাকার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।
গতকাল সকালে দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারেজে পানিপ্রবাহ রেকর্ড করা হয় ৫২ দশমিক ৯৫ সেন্টিমিটার। যা স্বাভাবিক সময়ের তুলনায় ৩৫ সেন্টিমিটার বেশি। ফলে উজানের পানি নিয়ন্ত্রণ করতে ৪৪টি গেট খুলে দিয়েছে পানি উন্নয়ন বোর্ড।
জানা গেছে, ভারি বর্ষণের কারণে ভারত গজল ডোবা ব্যারেজের অধিকাংশ গেট খুলে দেয়। এতে তিস্তার পানি বাড়তে শুরু করে। তিস্তার পানিতে পাটগ্রামের বহুল আলোচিত বিলুপ্ত ছিটমহল আঙ্গোরপোতা-দহগ্রাম, হাতীবান্ধার সানিয়াজান, গড্ডিমারী, সিঙ্গিমারী, সির্ন্দুনা, পাটিকাপাড়া ও ডাউয়াবাড়ী ইউনিয়নের বিভিন্ন চর, আদিতমারী উপজেলার মহিষখোচা, সদর উপজেলার রাজপুর, খুনিয়াগাছ, গোকুন্ডা ইউনিয়ন ও কালীগঞ্জ উপজেলার চরাঞ্চলের প্রায় তিন হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। এছাড়া তিস্তার সঙ্গে যুক্ত ছোট ছোট নদ-নদীতে পানি বাড়তে শুরু করেছে। কিছু কিছু স্থানে দেখা দিয়েছে নদীভাঙন। এতে আতঙ্কিত হয়ে পড়েছেন নদী তীরবর্তী এলাকার মানুষ। ক্ষতিগ্রস্ত এলাকায় বালুর বস্তা দিয়ে ভাঙন ঠেকানোর চেষ্টা চলছে। নতুন করে ভাঙন আতঙ্কে অনেকে ঘরবাড়ি সরিয়ে নিরাপদ দূরত্বে আশ্রয় নিচ্ছেন।
হাতীবান্ধা, কালীগঞ্জ ও আদিতমারীর পানিবন্দি মানুষ জানান, বন্যার পানি নামতে না নামতেই এ বছর চতুর্থবার পানিবন্দি হয়ে পড়েছেন তারা। তাই দ্রুত তিস্তার মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি করেন তারা।
লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী মিজানুর রহমান বলেন, কয়েকদিনের টানা বৃষ্টির কারণে তিস্তা ও ছোট নদ-নদীতে পানি বেড়েছে। তবে তিস্তার পানি শুক্রবার বিকেল থেকে কমে যেতে পারে।
পানি বৃদ্ধি পাওয়ায় নীলফামারীর ডিমলা ও জলঢাকা উপজেলার ১০ ইউনিয়নের প্রায় দশ হাজারের বেশি পরিবার পানিবন্দি হয়ে পড়েছে।
ঝুনাগাছ চাপানি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুর রহমান বলেন, চার দিন আগে ভেন্ডাবাড়ি চরের দুই নম্বর স্পার বাঁধটি দেড়শ মিটার ভেঙে গেছে। এর ফলে প্রায় দুইশ পরিবারের ঘরবাড়ি বিলীন হয়ে গেছে। বাঁধটি রক্ষা করা না গেলে কপাল পুড়বে এই এলাকার মানুষের।
ডিমলা উপজেলার পূর্ব ছাতনাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল লতিফ খান জানান, হঠাৎ করে আবারো পানি বৃদ্ধি পাওয়ায় তিস্তা নদীবেষ্টিত এক হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছে।
পানি উন্নয়ন বোর্ড ডালিয়া ডিভিশনের নির্বাহী প্রকৌশলী আসফা উদ দৌলা জানান, উজানের ঢলে তিস্তায় পানি বেড়েছে। বন্যা কবলিত এলাকাগুলো পর্যবেক্ষণে রেখেছি আমরা। কয়েক দফায় পানি বৃদ্ধির ফলে যেসব বাঁধে ভাঙন দেখা দিয়েছিল, সেগুলো মেরামত করা হচ্ছে।
ফরিদপুরে ১৭ দিন ধরে পানিবন্দি রয়েছে ২৫০ গ্রাম। এতে দুর্ভোগ পোহাচ্ছে ওই গ্রামের মানুষজন। এই জেলায় পদ্মানদীর পানি ৮ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ৬৯ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে ফরিদপুরের সার্বিক বন্যা পরিস্থিতির মারাত্মক অবনতি ঘটেছে। জেলা সদর, চরভদ্রাসন, ভাঙ্গা ও সদরপুর থানার ২৫০ গ্রামের মানুষ ১৭ দিন ধরে পানিতে নিমজ্জিত রয়েছে।
ভেঙে গেছে সড়ক। ক্ষতি হয়েছে ফসলের। ওইসব এলাকাসহ মধুখালী ও আলফাডাঙ্গার টগরবন্দ ইউনিয়নেও দেখা দিয়েছে নদীভাঙন। চাহিদার তুলনায় ত্রাণ তৎপরতা তেমন চোখে পড়ছে না।
জেলা পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী পার্থ প্রতীম সাহা বলেন, শুক্রবার সকাল পর্যন্ত পদ্মানদীর পানি গোয়ালন্দ পয়েন্টে ৮ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ৬৯ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আরো তিন-চারদিন পানি বাড়তে থাকবে। উদ্যোগ নেওয়া হচ্ছে ভাঙনরোধেও।





