মহানগর

'ঢাকার দিকে মানুষের বিপুল ঢল বন্ধ করতে হবে'

  • ''
  • প্রকাশিত ২২ মে, ২০২৪

ঢাকার দিকে মানুষের বিপুল ঢল বন্ধ করতে হবে বলে জানিয়েছেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। মেয়র বলেন, তা না হলে এই শহরের জন্য যতই পরিকল্পনা নেয়া হোক না কেন, তা ফলপ্রসূ হবে না। বুধবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘আরবান ডেভেলপমেন্ট জার্নালিস্ট ফোরাম বাংলাদেশ (ইউডিজেএফবি)’ আয়োজিত নিরাপদ নগর দিবস ও বেস্ট আরবান রিপোর্টিং অ্যাওয়ার্ড- ২০২৪ প্রদান অনুষ্ঠানে মেয়র এ কথা বলেন।

বসবাসের উপযোগী ও নিরাপদ নগর গড়তে দুর্নীতি নির্মূল, আইনের কঠোর প্রয়োগ এবং আইনের প্রয়োগের জন্য দ্রুত বিচার নিশ্চিত করা তিনটি মূল উপাদান উল্লেখ করে মেয়র বলেন, যদি এই তিনটি উপাদান একটি সমাজে সুরক্ষিত থাকে তবে একটি বাসযোগ্য এবং নিরাপদ শহর গড়ে তোলার অন্যান্য উপাদানগুলি স্বয়ংক্রিয়ভাবে যুক্ত হবে, তিনি যোগ করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক যুগান্তরের সম্পাদক সাইফুল আলম। ইউডিজেএফবি সভাপতি মতিন আবদুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের সাধারণ সম্পাদক শেখ মুহাম্মদ মেহেদী আহসান। অনুষ্ঠান সঞ্চালনা করেন, ইউডিজেএফবির সাধারণ সসম্পাদক ফয়সাল খান, অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, রাজউকের প্রধান নগর পরিকল্পনাবিদ মোঃ আশরাফুল ইসলাম, সেন্টার ফর অ্যাটমোস্ফিয়ারিক পলিউশন স্টাডিজ (সিএপিএস) এর প্রতিষ্ঠাতা ও পরিচালক অধ্যাপক ডক্টর আহমদ কামরুজ্জামান মজুমদার, ইনস্টিটিউট অব আর্কিটেক্টস বাংলাদেশের নগরায়ন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সুজাউল ইসলাম খান।

‘নিরাপদ নগরী: বাংলাদেশে নিরাপদ নগরীর পুনর্বিন্যাস’ শীর্ষক মূল প্রবন্ধের আলোচনায় পরিকল্পনাবিদ মেহেদী আহসান বলেন, সারা দেশের জন্য আমাদের একটি সমন্বিত নগর পরিকল্পনা দরকার। একই সাথে আমাদের আলাদা আঞ্চলিক নগর পরিকল্পনা দরকার কারণ বরেন্দ্র, হাওর এবং উপকূলীয় অঞ্চলে ভিন্ন জীববৈচিত্র্য রয়েছে। তিনি আরও বলেন, শহরগুলোর সার্বিক সমস্যা ওয়ান স্টপ সার্ভিসের আওতায় না আনলে সমস্যার সমাধান হবে না। অনুষ্ঠানে পাঁচটি বিভাগে ছয়জন সাংবাদিককে ‘বেস্ট আরবান রিপোর্টিং অ্যাওয়ার্ড ২০২৪’ প্রদান করা হয়। রিপোর্টাররা হলেন- নিউ এজ-এর রাশেদ আহমেদ, দৈনিক বনিক বার্তার মোঃ আল ফাতাহ মামুন, দৈনিক সমকালের অমিতোষ পাল ও লতিফুল ইসলাম, সারাবাংলা ডটনেটের রজনীন ফাজানা ও ইন্ডিপেন্ডেন্ট টিভির মোঃ নাজমুল সাঈদ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads