অল্প সময়ের ব্যবধানে কোটিপতি বনে যাওয়া সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুল ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা হেদায়েতুল আলমের সম্পদের হিসাব চেয়ে তলব করেছে দূর্নীতি দমন কমিশন (দুদক)।
সম্মনিত জেলা কার্যালয় পাবনার সহকারী পরিচালক আতিকুর রহমান স্বাক্ষরিত একটি চিঠিতে ২ সেপ্টেম্বর ইউপি চেয়ারম্যান বরাবর পাঠানো হয়েছে। চিঠিতে ৮ সেপ্টেম্বর তাকে সম্মনিত জেলা কার্যালয় পাবনায় হাজির হতে বলা হয়েছে।
দুদক সম্মনিত জেলা কার্যালয় পাবনার এক কর্মকর্তা নাম প্রকাশ না করা শর্তে জানান, হাটিকুমরুল ইউপি চেয়ারম্যান হেদায়েতুল আলমের অবৈধ সম্পদ অর্জণের বিষয়ে সম্প্রতি টিভি, পত্রিকা ও অনলাইন মিডিয়ায় সংবাদ প্রচার হয়েছে। সেই সংবাদের সূত্রধরে দুদক ঢাকা প্রধান কার্যালয় চেয়ারম্যানের সম্পদের হিসাব অনুসন্ধানে দুদক সম্মনিত জেলা কার্যালয় পাবনাকে তদন্ত করার নির্দেশ প্রদান করেছে। সেই মোতাবেক তাকে তলব করা হয়েছে।
চিঠি প্রাপ্তির কথা স্বীকার হাটিকুমরুল ইউপি চেয়ারম্যান হেদায়েতুল আলম সোমবার দুপুরে জানান, আমি কোনো অবৈধ সম্পদ অর্জণ করিনি। গাড়ি, বাড়ি, বানিজ্যিক প্রতিষ্ঠানসহ আমার যা সম্পদ আছে সবই বৈধ। আমার কোন অবৈধ সম্পদ নেই। সব কিছুর আয়কর ও ভ্যাট দেয়া আছে।
তিনি আরও বলেন, শুধু অভিযোগ দিলে তো হবে না, সেটার সত্যতাও থাকতে হবে। দুদক আমার সম্পদের হিসাব চেয়েছে, আমিও হিসাব দেব, সব রেডি আছে।
অনুসন্ধানে জানা গেছে, সলঙ্গা থানার হাটিকুমরুল ইউনিয়নের চড়িয়াশিকা গ্রামের মোকছেদ আলীর মধ্যবিত্ত পরিবারে হেদায়েতুল আলমের জন্ম। টানা ৭ বছর সলঙ্গা থানা যুবলীগের সাধারন সম্পাদকের দায়িত্ব পালনের পর ২০১১ সালে সে প্রথম হাটিকুমরুল ইউপির চেয়ারম্যান নির্বাচিত হন। এরপর দলীয় প্রতিক নৌকার পেয়ে সে ২০১৬ সালে আবারও চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।





