'অপরাধীদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন, কেউ ছাড় পাবে না'

ছবি: বাংলাদেশের খবর

সারা দেশ

'অপরাধীদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন, কেউ ছাড় পাবে না'

  • ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
  • প্রকাশিত ২৯ মার্চ, ২০২১

ব্রাহ্মণবাড়িয়ায় বিভিন্ন প্রতিষ্ঠানে হামলার ঘটনায় পৃথক পৃথক মামলা হবে। ২৬ তারিখের ঘটনায় তিনটি মামলা দায়ের করা হয়েছে। ২৭ এবং ২৮ তারিখের প্রতিটি ঘটনায় অপরাধীদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন। এসব ঘটনায় কোন অপরাধীই ছাড় পাবে না বলে জানিয়েছেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আনোয়ার হোসেন।

আজ সোমবার সকাল থেকে ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতের ডাকা হরতালের দিন ও আগের দিনে ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন সরকারি বেসরকারী স্থাপনায় হামলার জেলা শহরের বিভিন্ন এলাকা পরিদর্শনকালে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।  

এসময় আনোয়ার হোসেন সাংবাদিকদের আরো বলেন, অপরাধী যে কেউ হোক না কেন কাউকেই ছাড় দেয়া হবে না। প্রতিটি প্রতিষ্ঠান থেকে মামলা দেয়ার প্রত্রিয়া চলছে। আলামত সংগ্রহের জন্য বিশেষ টিম ডাকা হয়েছে। তারা এসে আলামত সংগ্রহ করে মামলা দিবে। মোবাইল ফুটেজ ও বিভিন্ন ধরনের ভিডিও ফুটেজ সংগ্রহ করা হয়েছে। এসব ফুটেজের মাধ্যমে অপরাধীদের চিহ্নিত করা হবে।

পুলিশের ব্যর্থতা আছে কি না জানতে চাইলে ডিআইজি বলেন, এটি খতিয়ে দেখা হবে। এমন কোন ঘটনা হয়ে থাকলে তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে।

সকাল থেকে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা, জেলা পরিষদ, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব, ওস্তাদ আলাউদ্দিন খা সঙ্গীতাঙ্গন, উপজেলা ভূমি অফিস, মুক্তমঞ্চসহ হামলায় ক্ষতিগ্রস্ত সকল এলাকা পরিদর্শন করে বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ করেন ডিআইজি। এসময় তার সাথে অতিরিক্ত ডিআইজি জাকির হোসেন, জাহিদ হোসেন,  ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মো. আনিসুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার সদর দপ্তর মো. আবু সাঈদ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads