টাঙ্গাইলের সখীপুরে করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে কাঁচাবাজারগুলোতে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে বিকল্প ব্যবস্থা নিয়েছে উপজেলা প্রশাসন। এ লক্ষ্যে পৌর শহরের কাঁচাবাজারগুলোকে সখীপুর সরকারি পাইলট স্কুল অ্যান্ড কলেজ মাঠে স্থানান্তর করা হয়েছে। উপজেলার অন্যান্য বড় বড় বাজারগুলোতেও সামাজিক দূরত্ব নিশ্চিত করতে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের নির্দেশনা দেওয়া হয়েছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, করোনাভাইরাসের প্রভাব শেষ না হওয়া পর্যন্ত পৌর শহরের বর্তমান বাজার সখীপুর সরকারি পাইলট স্কুল এন্ড কলেজ মাঠে বসবে।
সরেজমিনে ওই বাজার ঘুরে দেখা যায়, কাঁচাবাজার ও দুধের বাজারে বারো ফিট আয়তনের প্রতিটি দোকানে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে বাঁশ দিয়ে বক্স তৈরী করা হয়েছে। প্রত্যেক দোকানে একসঙ্গে ৩ জন ক্রেতা ৩ ফুট দূরত্বে দাঁড়িয়ে পণ্য ক্রয় করছেন। আগত ক্রেতা-বিক্রেতার মধ্যে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে কাজ করছে উপজেলা প্রশাসনের গঠিত স্বেচ্ছাসেবক দল।
উপজেলা নির্বাহী অফিসার আসমাউল হুসনা লিজা বাংলাদেশের খবরকে বলেন, এই বৈশ্বিক মহামারী প্রতিরোধে প্রধান উপায় সামাজিক দূরত্ব নিশ্চিত করা। কাঁচাবাজারগুলোর স্থান সংকীর্ণ হওয়ায় ক্রেতাদের ভীড় লেগেই থাকে। ফলে বাজারে সামাজিক দূরত্ব নিশ্চিত করা সম্ভব হচ্ছিল না। তাই পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত কাঁচাবাজারগুলো এভাবেই চলবে। এ নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান। এদিকে উপজেলা প্রশাসনের এ সিদ্ধান্তকে স্থানীয় ক্রেতা-বিক্রেতাসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ স্বাগত জানিয়েছে।





