নেত্রকোনার কলমাকান্দায় চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়া ও বেশি দামে ব্যথানাশক ওষুধ বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
রোববার রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সোহেল রানা উপজেলা সদরের হাসপাতাল রোড এলাকায় সুলতান মেডিসিন পয়েন্ট নামক একটি ওষুধের দোকানে অভিযান চালিয়ে ৩০ হাজার টাকা অর্থদণ্ড দিয়ে তা আদায় করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, পুলিশ রোববার সন্ধ্যায় উপজেলা সদরের আওয়ামী লীগ কার্যালয়ের সামনের সড়কে খোকন নামে এক যুবককে তল্লাশী করে তার কাছ থেকে পাঁচটি ব্যথানাশক ট্যাবলেট (ওই ট্যাবলেট নেশাদ্রব্য হিসেবে ব্যবহৃত হওয়ায় এর নাম উল্লেখ করা হয়নি) উদ্ধার করে। ডাক্তারের ব্যবস্থাপত্র ছাড়া এই ট্যাবলেট কোথা থেকে এনেছে জিজ্ঞাসা করলে যুবক খোকন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রোড এলাকার সুলতান মেডিসিন পয়েন্ট থেকে এনেছে বলে স্বীকার করে।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সোহেল রানা ও থানার ওসি মো. মাজহারুল করীমের নেতৃত্বে ওই দোকানে অভিযান চালিয়ে ব্যবস্থাপত্র ছাড়া ও বেশি দামে এই ট্যাবলেট বিক্রির দায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সোহেল রানা সুলতান মেডিসিন পয়েন্টের মালিক সুলতান বিশ্বাসকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড আরোপ করে তা আদায় করেন ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সোহেল রানা বলেন, এসব ব্যথানাশক ট্যাবলেট ডাক্তারের ব্যবস্থাপত্র ছাড়া বিক্রি না করার প্রশাসনিক নিষেধাজ্ঞা রয়েছে। এছাড়াও বেশি দামে এ ট্যাবলেট বিক্রি করার দায়ে সুলতান মেডিসিন পয়েন্টের মালিক মো. সুলতান বিশ্বাসের কাছ থেকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড আরোপ করে তা আদায় করা হয়েছে।





