সাতক্ষীরা শহরের বাইপাস সড়ক এলাকায় পুলিশের সাথে বন্দুক যুদ্ধে সন্ত্রাসী দুই ছাত্রলীগ কর্মী নিহত হয়েছেন। আজ শনিবার ভোর রাতে শহরের বাইপাস সড়ক সংলগ্ন কামাননগর এলাকায় এ ঘটনা ঘটে।
এ সময় সেখান থেকে দুটি বিদেশী পিস্তল, ১ রাউন্ড গুলি, দুটি অত্যাধুনিক চাকু ও একটি নাম্বার প্লেট বিহীন মোটর সাইকেল উদ্ধার করা হয়েছে বলে পুলিশের দাবি।
নিহতরা হলেন- সাতক্ষীরা শহরের মুনজিতপুরের ময়নুল ইসলামের ছেলে মামুনুল ইসলাম দ্বীপ (২৫) ও জেলার কালিগঞ্জ উপজেলার সাইহাটি গ্রামের আবদুস সবুর সরদারের ছেলে সাইফুল ইসলাম (৩৮)। তারা দুই জনই ছাত্রলীগের পদবিহীন কর্মী। তারা জেলা ছাত্রলীগের সাদারণ সম্পাদক সেয়দ সাদিকুর রহমানের দেহরক্ষী হিসাবে পরিচিত।
সাতক্ষীরা গেয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিদুল হক বলেন, জেলার কালিগঞ্জে গত ৩১ অক্টোবর বিকাশ কোম্পানির তিন প্রতিনিধির নিকট থেকে ২৬ লাখ টাকা ছিনতাই হয়। এ ঘটনায় বিকাশের শ্যামনগর উপজেলা পরিবেশক আবু বক্কর সিদ্দিক বাদী হয়ে ওই দিনই কালিগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। এই মামলায় শুক্রবার কালিগঞ্জ থানা পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশের যৌথ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
এরপর উক্ত দুই শীর্ষ ছিনতাইকারী সন্ত্রাসীদের নিয়ে অস্ত্র উদ্ধারে শহরের বাইপাস সড়ক সংলগ্ন কামাননগর এলাকায় গেলে তাদের সহযোগী অন্য সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এ সময় পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে। এক পর্যায়ে তাদের সহযোগীরা পিছু হটলে পুলিশ সেখান থেকে অবৈধ অস্ত্রধারী ছাত্রলীগ কর্মী সন্ত্রাসী দ্বীপ ও সাইফুলের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, নিহত ওই দুই সন্ত্রাসীর বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে।





