টাঙ্গাইলের সখীপুরে এক কৃষকের ৫০ হাজার টাকা নিয়ে সটকে পড়া দুই প্রতারককে আটক করে পুলিশে সোপর্দ করেছে ব্যাংক কর্তৃপক্ষ। সোমবার অগ্রণী ব্যাংকের শাখা থেকে ওই দুই প্রতারককে আটক করা হয়। আটককৃতরা হলেন- ধনবাড়ী উপজেলার সমোদপুর গ্রামের রোস্তম আলীর ছেলে সাইফুল ইসলাম (৩৫) ও একই উপজেলার জমসেরপুর গ্রামের শরাফত আলীর ছেলে চান মিয়া (২৭)।
এ ঘটনায় প্রতারণার শিকার কৃষক আবদুল কদ্দুছ বাদী হয়ে সখীপুর থানায় প্রতারণার মামলা করেছেন।
জানা যায়, উপজেলার বাঘেরবাড়ী গ্রামের কৃষক আবদুল কদ্দুছ ৯ ডিসেম্বর প্রবাসী ছেলের পাঠানো এক লাখ টাকা তুলতে অগ্রণী ব্যাংকের সখীপুর শাখায় আসেন। এসময় ওই দুই প্রতারক কৃষককে তাঁর প্রবাসী ছেলের বন্ধু বলে পরিচয় দেয়। তার প্রবাসী ছেলে তাদের কাছে ৭০ হাজার টাকা পাঠিয়েছে বলে প্রতারক চক্র ব্যাংক থেকে কৃষককে ডেকে বাইরে নিয়ে যায়। সেখানে গিয়ে কৌশলে ওই কৃষকের কাছে থাকা ৫০ হাজার টাকার একটি বান্ডিল নিয়ে পালিয়ে যায়। এসময় টাকা হারিয়ে ওই কৃষক জ্ঞান হারান। পরে ব্যাংকের বাইরে ঘটনাস্থলের পাশের একটি বাড়ির সিসিটিভি ফুটেজ ও ব্যাংকে থাকা ফুটেজ সংগ্রহ করা হয়। দুই ফুটেজ থেকে অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপক এবাদত হোসেন প্রতারক দুজনকে শনাক্ত করেন। প্রতারকদের ছবি তুলে ব্যাংকের সব কর্মকর্তা-কর্মচারী ও নিরাপত্তাকর্মীদের কাছে দেন। সোমবার (১৪ ডিসেম্বর) বেলা ১১টায় ওই দুই প্রতারক পুনরায় ব্যাংকে এলে নিরাপত্তা প্রহরীরা তাদের ধরে ব্যবস্থাপকের কক্ষে নিয়ে যান। পরে থানায় খবর দিলে পুলিশ এসে প্রতারকদের থানায় নিয়ে যান।
অগ্রণী ব্যাংক সখীপুর বাজার শাখার ব্যবস্থাপক এবাদত হোসেন বলেন, ওই দিনের প্রতারণার পর ব্যাংক ও ঘটনাস্থলের পাশের বাড়ির ফুটেজ সংগ্রহ করে প্রতারকদের চিহ্নিত করা হয়। পরে কৌশলে দুই প্রতারককে ধরে পুলিশে সোপর্দ করা হয়েছে।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে সাইদুল হক ভূঁইয়া বলেন, এ বিষয়ে একটি মামলা হয়েছে। প্রতারকদের রিমান্ডে এনে ওই চক্রের অন্য সদস্যদেরও গ্রেপ্তার করার প্রক্রিয়া চলছে।





