একদিকে করোনাভাইরাস সংক্রমণের ভয়, শারীরিক অক্ষমতা ও টাকার অভাব। অন্যদিকে জমিতে পাকা ধান, ঝড়-বৃষ্টির শঙ্কা! এ নিয়ে চাষী কদ্দুস মিয়ার কপালে উঠেছিল চিন্তার ভাঁজ। সংসারের নানা সংকট ও খাবারের অভাব নিয়েই দিনাতিপাত করছিলেন কৃষক কদ্দুস। এমন খবর পেয়ে তার পাশে এসে দাঁড়িয়েছে সখীপুর উপজেলা ছাত্রলীগ। দশের লাঠি, একের বোঝা -এমন শ্লোগানেই উপজেলা ছাত্রলীগের উদ্যোগে কাকড়াজান ইউনিয়ন ছাত্রলীগের সহযোগিতায় ওই কৃষকের ৫০ শতক জমির ধান কেটে বাড়িতে পৌঁছে দিয়েছেন। এতে উপজেলার কাকড়াজান ইউনিয়নের কাজিরামপুর গ্রামের চাষী কদ্দুস মিয়া মহাখুশি।
আজ বৃহস্পতিবার উপজেলা ছাত্রলীগের সভাপতি শরিফুল ইসলাম বলেন, ‘আজকের ধান কাটা কর্মসূচিতে আমার সঙ্গে সাধারণ সম্পাদক রাসেল আহম্মেদসহ উপজেলা ও ইউনিয়ন ছাত্রলীগের নেতাকর্মীরা অংশ নিয়েছেন। তিনি আরো বলেন, আগামীকাল উপজেলার বেতুয়া গ্রামের এক কৃষকের ধান কাটার ডাক পেয়েছি। আল্লাহ আমাদের সুস্থ রাখলে এ কার্যক্রম অব্যাহত রাখবো।
এ বিষয়ে উপজেলার হাতিয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ রহিজ উদ্দিন বলেন, ছাত্ররা কেউ পেশাদার শ্রমিক নয়, তারপরও তারা রোদে পুড়ে অক্লান্ত পরিশ্রম করে কৃষকের ধান কাটছে। তাদের এ কার্যক্রম অবশ্যই প্রশংসার দাবি রাখে। আমরা তাদের এ উদ্যোগকে স্বাগত জানাই।





