সারা দেশ

সখীপুরে অসহায় প্রতিবন্ধীকে বাড়ী করে দিলো সমাজবাসী

  • ধামরাই ও সখীপুর প্রতিনিধি
  • প্রকাশিত ১২ অগাস্ট, ২০২১

সরকার দেশের দুস্থ অসহায় মানুষকে ঘর করে দিচ্ছে। এর আওতাভুক্ত হচ্ছে যাদের জমি আছে ঘর নেই। আবার যাদের জমিও নেই, ঘরও নেই তাদেরকেও সরকার পাকা ঘর করে দিচ্ছে। সরকারের পাশাপাশি সমাজের বিত্তশালীদেরও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর প্রতি সম্মান রেখে আমি সমাজের সকলকে নিয়ে ঘর করার উদ্যোগ গ্রহণ করি। কথাগুলো বলেন, সখীপুর পিএম পাইলট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ কেবিএম খলিলুর রহমান।

কাজ করতে গিয়ে কোমর ভেঙে কাজ করার যোগ্যতা হারিয়েছেন মনোয়ার। এক মাত্র কন্যা সন্তান ও স্ত্রীকে নিয়ে সংসার হলেও জমিজমা বলতে কিছুই নেই তাঁর। উপার্জনক্ষম বলতে তিনিই ছিলেন। জরাজীর্ণ ঘর বাড়ীতে তাঁর বসবাস। তিন বেলা খাবারই জুটে না আবার বাড়ি ঘর? কোনো দিনই করা সম্ভব হবে না তাঁর। একথা ভেবেই সখীপুর উপজেলার শারীরিক প্রতিবন্ধী মনোয়ার হোসেনকে(৪০) একটি বাড়ী করে দিলো তাঁর সমাজবাসী। উপজেলার প্রতিমাবংকী পশ্চিম পাড়া সমাজবাসীর উদ্যোগে লক্ষাধিক টাকা দিয়ে ওই প্রতিবন্ধীকে ১৯ হাত একটি ঘর , টিউবয়েল এবং স্বাস্থ্য সম্মত টয়লেট নির্মাণ করে দেওয়া হয়।

গতকাল বুধবার (১১ আগস্ট) বুধবার বিকেলে উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল লেবু, উপজেলা নির্বাহী কর্মকর্তা চিত্রা শিকারী, সখীপুর পিএম পাইলট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ কেবিএম খলিলুর রহমান এ বাড়ি ওই প্রতিবন্ধীর কাছে হস্তান্তর করেন। এ সময় অন্যদের মধ্যে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মফিজুল ইসলাম, হাতিয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ রহিজ উদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এরশাদুল আলম, দাড়িয়াপুর ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবু তালেব তালুকদার ঠান্ডু, সমাজসেবক মো. রেজাউল তালুকদারসহ তালুকদারপাড়া সমাজবাসীরা উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে প্রধান উদ্যোক্তা মো. রেজাউল তালুকদার বলেন, দীর্ঘদিন যাবৎ অসুস্থ মনোয়ার হোসেনের স্ত্রী সন্তান নিয়ে থাকার মত ঘর ছিল না। বিষয়টি আমার নজরে আসলে আমি তাৎক্ষণিক অধ্যক্ষ কেবিএম খলিলুর রহমানকে অবহিত করি। পরে তাঁর নিরলস প্রচেষ্টায় এলাকার কিছু প্রবাসীর সহযোগিতায় আমরা তাকে একটি পূর্ণাঙ্গ বাড়ি নির্মাণ করে দিয়েছি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা চিত্রা শিকারী বলেন, সরকারের পাশাপাশি সমাজের বিত্তশালীদেরও অসহায় মানুষের দিকে এগিয়ে আসা উচিৎ। বংকী সমাজের মানুষ যে রকম দৃষ্টান্ত স্থাপন করলেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads