সারা দেশ

শ্রীপুরে চেয়ারম্যান জামিল, কালিয়াকৈরে নতুন মুখ সেলিম

  • ''
  • প্রকাশিত ২২ মে, ২০২৪

গাজীপুর প্রতিনিধি:

গাজীপুরের দ্বিতীয় ধাপে দুইটি উপজেলায় ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ হয়েছে মঙ্গলবার ২১ মে। সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয় যা চলে বিকেল চারটা পর্যন্ত। ভোটগ্রহণ শেষ হওয়ার পর রাত পর্যন্ত চলে ভোট গণনা। দুয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া গাজীপুরে সুষ্ঠুভাবেই উপজেলা পরিষদ নির্বাচন সম্পন্ন হয়েছে।

শ্রীপুরে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর বড় ভাই অ্যাডভোকেট জামিল হাসান দুর্জয় নির্বাচিত হয়েছেন। তিনি প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে ৬ হাজার ৬২৪ ভোট বেশি পেয়ে নির্বাচিত হয়েছেন।

ঘোষিত ফলাফল অনুযায়ী, চেয়ারম্যান পদে অ্যাডভোকেট জামিল হাসান দুর্জয় ঘোড়া প্রতীকে ৭০ হাজার ১৫৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল জলিল আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ৬৩ হাজার ৫৩২ ভোট।

মঙ্গলবার (২১ মে) রাত দেড়টায় শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং উপজেলা নির্বাচনে সহকারী রিটার্নিং কর্মকর্তা শোভন রাংসা এ ফলাফল ঘোষণা করেন।

শ্রীপুরে উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে গাজীপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাসির মোড়ল (বই) নির্বাচিত হয়েছেন। এ ছাড়া সেলাই মেশিন প্রতীকে মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন সানজিদা রহমান।

এদিকে, আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নির্বাচনের ৬ দিন আগে নির্বাচন কমিশন জামিল হাসান দুর্জয়ের মনোনয়ন বাতিল করেন। এরপর তিনি শেষ দিনে উচ্চ আদালত থেকে প্রার্থিতা ফিরে পেলেও প্রচারণার সময় না থাকায় আর নির্বাচনি প্রচার-প্রচারণা করতে পারেননি।

জেলার কালিয়াকৈর উপজেলা পরিষদ নির্বাচনে মোটরসাইকেল প্রতীকের প্রার্থী মোঃ সেলিম আজাদকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়েছে। বেসরকারি ঘোষিত ফলাফলে এ নির্বাচনে উপজেলা চেয়ারম্যান পদে মোটরসাইকেল প্রতীকের প্রার্থী ও জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক সেলিম আজাদ ৮৩ হাজার ৯৬১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মোঃ কামাল উদ্দিন শিকদার পেয়েছেন ৬২ হাজার ৩০৪ ভোট।

জেলা নির্বাচন কর্মকর্তা এ এইচ এম কামরুল হাসান এবং কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার মোহাম্মদ কাওছার আহম্মেদ ওই তথ্য জানিয়েছেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads