সারা দেশ

গাইবান্ধার তিন উপজেলায় নির্বাচিত হলেন যারা

  • ''
  • প্রকাশিত ২২ মে, ২০২৪

সুদীপ্ত শামীম, গাইবান্ধা:

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপের সাধারণ নির্বাচনে গাইবান্ধা সদর, পলাশবাড়ী ও গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে গাইবান্ধা সদর উপজেলায় আমিনুর জামান রিংকু, পলাশবাড়ী উপজেলায় একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ ও গোবিন্দগঞ্জ উপজেলায় শাকিল আকন্দ বুলবুল চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার (২১ মে) নির্বাচনের ভোটগ্রহণ শেষে মধ্যরাতে রির্টানিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দেওয়ান মওদুদ আহমেদ বেসরকারিভাবে তাদের নির্বাচিত ঘোষণা করেন।

ঘোষিত ফলাফলে গাইবান্ধা সদর উপজেলায় দোয়াত-কলম প্রতীকে আমিনুর জামান রিংকু ৫৪ হাজার ৭৯৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কাপ-পিরিচ প্রতীকে ইস্তেকুর রহমান সরকার পেয়েছেন ৪৮ হাজর ৯৪৪ ভোট।

এছাড়া পলাশবাড়ী উপজেলায় মোটরসাইকেল প্রতীকে একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ ১৯ হাজার ৫৯৫ ভোট পেয়ে পুনরায় নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দোয়াত-কলম প্রতীকে তৌহিদুল ইসলাম পেয়েছেন ১৮ হাজার ৭৪ ভোট।

​অপরদিকে, গোবিন্দগঞ্জ উপজেলায় আনারস প্রতীকে শাকিল আকন্দ বুলবুল ৯১ হাজার ৪৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোটরসাইকেল প্রতীকে আব্দুল লতিফ প্রধান পেয়েছেন ৮২ হাজার ৪৫ ভোট।

এর আগে শান্তিপূর্ণভাবে দ্বিতীয় ধাপে জেলার সদর, পলাশবাড়ী ও গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ ৮টায় শুরু হয়ে একটানা বিকেলে ৪টা পর্যন্ত চলে। নির্বাচনে তিন উপজেলায় ১৫ জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন৷

এ বিষয়ে গাইবান্ধা রির্টানিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দেওয়ান মওদুদ আহমেদ বলেন, কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই জেলার তিনটি উপজেলা পরিষদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads