একদিনের ব্যবধানে লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় তাবলিগ থেকে ফেরা এক ব্যক্তির করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এই জেলায় এটি দ্বিতীয় করোনাভাইরাস শনাক্তের ঘটনা। গতকাল রোববার রাত ১০টার দিকে ওই ব্যক্তির নমুনা পরীক্ষার ফলাফল পাওয়া যায়। ৫৫ বছর বয়সী ওই ব্যক্তি কিছু দিন আগে নারায়ণগঞ্জে তাবলিগে গিয়েছিলেন।
লক্ষ্মীপুরের সিভিল সার্জন আবদুল গাফফার এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন। এর আগে গত শনিবার রাতে জেলায় প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়।
এদিকে করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে আজ সোমবার সকাল ছয়টা থেকে লক্ষ্মীপুর জেলাকে লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন। জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল গতকাল রোববার বিকেলে এই লকডাউনের ঘোষণা দেন। অনির্দিষ্টকালের জন্য এই লকডাউন ঘোষণা করা হয়েছে।
লক্ষ্মীপুর সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, আক্রান্ত ব্যক্তি ৯ এপ্রিল নারায়ণগঞ্জ থেকে রামগতি আসেন। এরপর গতকাল রাত ১১টার দিকে পুলিশের সহযোগিতায় অ্যাম্বুলেন্সে করে তাঁকে বাড়ি থেকে ঢাকায় কুয়েত মৈত্রী সরকারি হাসপাতালে পাঠানো হয়।





