ভাঙ্গা মোবাইল ফেলে রেখে ডাকাতির চেষ্টা, গ্রেপ্তার ৯

ছবি: বাংলাদেশের খবর

সারা দেশ

অস্ত্র উদ্ধার; ৭ দিনের রিমান্ড আবেদন

ভাঙ্গা মোবাইল ফেলে ডাকাতির চেষ্টা, গ্রেপ্তার ৯

  • মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
  • প্রকাশিত ১১ ফেব্রুয়ারি, ২০২২

টাঙ্গাইলের মির্জাপুরে ডাকাতির প্রস্তুতিকালে ৯ ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক সংলগ্ন পৌরসদরের পোষ্টকামুরী উত্তরপাড়া-মাঝিপাড়া কাঠবাগান থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার ডৌহাতলি গ্রামের আনোয়ার হোসেনের ছেলে আব্দুর রউফ ওরফে রুবেল (২৯), পোষ্টকামুরী সওদাগরপাড়া গ্রামের জাহাঙ্গীরের ছেলে টিপু সওদাগর (২৮), একই গ্রামের সাহেব আলীর ছেলে ভজন (২৬), মঞ্জু সওদাগরের ছেলে সোহেল (২৪), মৃত লুৎফর রহমানের ছেলে জুয়েল (২৬), মৃত জোয়াহের মিয়ার ছেলে সুমন মিয়া (২৫), গোড়াইল গ্রামের আলমগীরের ছেলে লিটন (৩২), মীর দেওহাটা গ্রামের শওকত মিয়ার ছেলে নাজমুল হোসেন (২৫), তরফপুর ধোপাপাড়া গ্রামের আব্দুস সবুর মিয়ার ছেলে রাজিব আহম্মেদ (২৫)। গ্রেপ্তারকৃত সকলেই এলাকায় মাদকসেবী হিসেবে চিহ্নিত বলে জানা গেছে।

পুলিশ জানায়, রাত ১০টার দিকে পৌর এলাকার পোষ্টকামুরী মাঝিপাড়া কাঠ বাগানে ডাকাতদল ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন সংবাদে ঘটনাস্থলে পৌছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা পালানোর চেষ্টাকালে ৯ জনকে গ্রেপ্তার করা হয়। এসময় অজ্ঞাতনামা কয়েকজন ডাকাত পালিয়ে যেতে সক্ষম হয়। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে তিনটি দেশীয় চাপাতি, ছোরা, চাকু, শবল, রড, সিমকার্ড ছাড়া ভাঙ্গা মোবাইল ফোনসহ ডাকাতি কাজে ব্যবহৃত সামগ্রী উদ্ধার করা হয়।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জানায়, তারা মহাসড়কের বিভিন্নস্থানে অভিনব পন্থায় মুরগি, বস্তা, ভাঙ্গা মোবাইল ফোনের উপর গ্যাস লাইট জ্বালিয়ে যানবাহনের চালক ও হেলপারদের দৃষ্টি আকর্ষণ করে এবং মোবাইল মনে করে উদ্ধারের জন্য যানবাহন থামানো হলেই দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে দীর্ঘদিন যাবৎ ডাকাতি করে আসছে। গ্রেপ্তারের পূর্বে তারা মহাসড়কে ভাঙ্গা মোবাইল ফেলে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলো।
মির্জাপুর থানার অফিসার ইনচার্জ মো. আলম চাঁদ বলেন, গোপন তথ্যের ভিত্তিতে আমরা অভিযন পরিচালনা করে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৯ ডাকাতকে আটক করি। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের পর ৭ দিনের রিমান্ড আবেদন চেয়ে আজ শুক্রবার দুপুরে টাঙ্গাইল আদালতে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads