পটুয়াখালীর বাউফলের আলোকি নদীর কালাইয়া বন্দর এলাকায় আজ সোমবার দুপুরে গোসল করতে নেমে নিখোঁজ হয়েছেন মেহেদি হাসান (৩০) নামে এক যুবক। তার বাবার নাম আবুল হাওলাদার। পাশের গলাচিপা উপজেলার চরকাজলের চরশিবা গ্রামে তার বাড়ি।
বন্দরের মাছ বাজার এলাকার কয়েক ব্যাবসায়ি ও প্রত্যক্ষদর্শীরা জানায়, চাচা জহিরুল হক হাওলাদারের সঙ্গে একটি মালবাহী ইঞ্জিনচালিত ট্রলারে আজ বন্দরের সোমবারের সাপ্তাহিক হাটে আসে মেহেদি। দুপুরের দিকে নদীতে গোসল করতে নেমে ডুবে যায় সে। এ খবর লেখা পর্যন্ত (বিকাল পৌনে ৫টা) স্থানীয়দের প্রচেস্টায় সন্ধান মেলে নি তার।
কালাইয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সোহাগ ফকির বলেন, ‘ফায়ার সার্বিসের লোকজন ঘটনাস্থলে পৌঁছেছেন। উদ্ধারের উদ্দ্যেশে বিভাগীয় শহর বরিশাল থেকেও একদল ডুবরি রওনা হয়েছেন। ’





