গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) ঐতিহাসিক ৭ই মার্চ পালিত হয়েছে।
এ উপলক্ষে আজ শনিবার সকাল ১০টায় উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোঃ শাহজাহানের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক–শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ টুঙ্গিপাড়াস্থ জাতির পিতার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এসময় সূরা ফাতেহা পাঠের মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার পরিবার ও মহান স্বাধীনতার যুদ্ধে শাহাদাৎ বরণকারী সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করা হয়।
পরে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের ৫০১ নং রুমে ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় উপাচার্য অধ্যাপক ড. মোঃ শাহজাহান সহ, প্রশাসনিক কর্মকর্তা, বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
এ সময় উপাচার্য অধ্যাপক (ভারপ্রাপ্ত) ড. মোঃ শাহজাহান বলেন, ১৯৭১ সালে বাংলাদেশ বেতারের বজ্রকন্ঠ নামক অনুষ্ঠানে ৭ ই মার্চের ভাষণ প্রচার করা হতো। এ ভাষণটি ছিল বাঙ্গালী জাতীর মুক্তির অন্যতম দিশা। এ ভাষণের উৎসাহ আর উদ্দীপনা নিয়ে মহান মুক্তিযুদ্ধে স্বাধীনতাকামী বাঙ্গালীরা স্বাধীনতার সূর্য ছিনিয়ে আনতে সক্ষম হন।
এছাড়াও জোহরবাদ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে ৷





