সারা দেশ

প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অপপ্রচার, গ্রেপ্তার হয়নি অভিযুক্ত

  • মানিকগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত ২৯ এপ্রিল, ২০২১

প্রধানমন্ত্রীকে নিয়ে অপপ্রচারকারীর বিরুদ্ধে মামলা হলেও এখনো গ্রেপ্তার হয়নি অভিযুক্ত। এতে বিভিন্ন মহলে ক্ষোভ বিরাজ করছে।

জানা গেছে, মানিকগঞ্জের শিবালয় উপজেলার দাসকান্দি গ্রামের মৃত নিয়ামত আলীর ছেলে যুবদল নেতা শেখ মানিক ইচ্ছাকৃতভাবে মানহানিকর তথ্য-উপাত্ত প্রকাশ ও প্রচার করে সম্প্রদায়ের মধ্যে ঘৃণা বা বিদ্বেষ সৃষ্টি করে আইন শৃংখলার অবনতি ঘটানোর চেষ্টার অপরাধে গত ২৩ এপ্রিল শিবালয় থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে তার বিরুদ্ধে মামলা হয়। মামলার এক সপ্তাহ পেরিয়ে গেলেও এখনো গ্রেপ্তার হয়নি প্রধানমন্ত্রীর অপপ্রচারকারী শেখ মানিক।

আরও জানা গেছে, শেখ মানিক দীর্ঘদিন ধরে বিএনপির সহযোগী সংগঠন যুবদলের সক্রিয় নেতা হিসেবে ২০১৫ সালে বিএনপির নাশকতার সময়ে পাটুরিয়া ঘাটে গাড়ী পোড়ানোর দায়ে মামলার আসামি ছিল। সে বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন মুলক কাজের অপপ্রচার এবং প্রধানমন্ত্রীর বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার চালিয়ে আসছে। এরই ধারবাহিকতায় গত ২৩ এপ্রিল শুক্রবার শিবালয় উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের যুগ্ম সম্পাদক মোঃ ইমরান চৌধুরী বাদী হয়ে শিবালয় থানায় মামলাটি দায়ের করেন।

মামলার বাদী মোঃ ইমরান চোধুরী বলেন, মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে স্থানীয় যুবদল নেতা তার ফেসবুকে অপপ্রচার চালায়। আমি এর সুষ্ঠু বিচারের জন্য গত ২৩ এপ্রিল অপপ্রচারকারী শেখ মানিকের বিরুদ্ধে শিবালয় থানায় মামলা দায়ের করি। দ্রুত সময়ের মধ্যে উক্ত অপপ্রচারকারীকে গ্রেপ্তারের জন্য প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি।

শিবালয় উপজেলা ছাত্রলীগের সভাপতি রাকিব হাসনাত আওয়াল বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর কটুক্তিকারী সে একজন যুবদল নেতা, বিএনপির জ্বালাও পোড়াও রাজনীতির সক্রিয় নেতা হিসেবে গাড়ী পোড়ানো মামলার আসামি তিনি। প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অপপ্রচার করার দায়ে এক সপ্তাহ আগে শিবালয় থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়। তাকে দ্রুত গ্রেপ্তারের জন্য শিবালয় উপজেলা ছাত্রলীগের পক্ষ থেকে প্রশাসনের নিকট জোর দাবি জানান।

এ বিষয়ে শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ কবির বলেন, মামলাটি তদন্তের জন্য সিআইডিতে পাঠানো হয়েছে। এবং আসামিকে গ্রেপ্তারের জন্য প্রতিনিয়ত অভিযান অব্যাহত রয়েছে।

এ ব্যাপারে এসপি সিআইডি মির্জা আব্দুল্লাহেল বাকী বলেন, শিবালয় থানার ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলাটি এখনো পাইনি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads