জ্বালানি তেল, পরিবহন ভাড়া, দ্রব্য মূল্যের বৃদ্ধি এবং ছাত্রদল ও স্বেচ্ছাসেবকদলের নেতা হত্যার প্রতিবাদেটাঙ্গাইলের মির্জাপুর উপজেলা বিএনপি- পৌর শাখা ও অঙ্গ সংগঠনের আয়োজনে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। বুধবার দুপুরে টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের সাবেক এমপি ও কেন্দ্রীয় বিএনপির শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকীর নিজ বাসভবন থেকে মিছিলটি বের হয়ে পৌরশহরে প্রবেশকালে বাইপাস এলাকায় পুলিশি বাধার মুখে পড়ে। তবে জনস্রোতে সেই বাধা টিকতে পারেনি। এ মিছিল ও সমাবেশে উপজেলা, পৌরসভা, বিভিন্ন ইউনিয়ন-ওয়ার্ডের হাজার হাজার নেতাকর্মী অংশ নেয়।
এতে উপজেলা বিএনপির আহ্বায়ক ফাতেমা আজাদের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা করেন, কেন্দ্রীয় বিএনপির শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী। পৌর বিএনপির আহ্বায়ক মো. হযরত আলী মিঞা, যুগ্ম-আহ্বায়ক এ্যাডভোকেট আব্দুর রউফ ও সদস্য সচিব এস.এম মহসীনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তৃতা করেন, কেন্দ্রীয় কৃষক দলের সাংগঠনিক সম্পাদক দিপু হায়দার খান, টাঙ্গাইল জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক আতাউর রহমান জিন্না প্রমুখ। এছাড়া উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা এ অনুষ্ঠানে অংশ নেয়।
প্রধান অতিথির বক্তব্যে আবুল কালাম আজাদ সিদ্দিকী বলেন, আমি আহ্বান জানিয়েছিলাম তাই বিএনপির সকল নেতাকর্মী আজ রাজপথে নেমে এসেছে। পুলিশ আমাদের মাইক কেড়ে নিয়েছে তবুও হাজার হাজার জনতা আজকের এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ সফল করেছে। আজকের এই বিক্ষোভে শুধু বিএনপি নয় সাধারণ মানুষও অংশ নিয়েছে বলে তিনি উল্লেখ করেন এবং সকলকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে ধন্যবাদ জানান।





