পাটুরিয়া ও দৌলতদিয়া ঘাটে ফেরি পারের অপেক্ষায় শত শত পণ্যবাহী ট্রাকের দীর্ঘ সারির সৃষ্টি রয়েছে। ফেরি সংকটের কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে যানবাহন পারাপার চরমভাবে ব্যাহত হচ্ছে। ফেরি সংকটে নৌরুটে যানবাহন পারাপার কম হওয়ায় আজ বৃহস্পতিবার পারের অপেক্ষায় থাকা যানবাহনের সংখ্যা বৃদ্ধি পেয়ে উভয় ঘাটেই যানজটের সৃষ্টি হয়েছে। বিপুল সংখ্যক যানবাহন পারাপার করতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। ফেরি পারের অপেক্ষায় ঘাটে এসে ট্রাক চালকরা ঘন্টার পর ঘন্টা আটকে আছে ফেরি টার্মিনালে। এতে, ফেরি ঘাটে বসে পারের অপেক্ষায় থেকে তাদের সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে বলে যানবাহন চালক ও শ্রমিকরা অভিযোগ করেন।
পাটুরিয়া ঘাটে ফেরি পারের অপেক্ষায় থাকা বাসের যাত্রী ও শ্রমিকদেরকে দুর্ভোগ পোহাতে হচ্ছে বলে যাত্রীরা জানান। বিশেষ করে নারী ও শিশু যাত্রীদের বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছে।
বিআইডব্লিউটিসি আরিচা অফিস সূত্রে জানা গেছে, পাটুরয়া দৌলতদিয়া নৌরুটে মাত্র ১৫টি ফেরি দিয়ে বিপুল সংখ্যক যানবাহন পারাপার করা হচ্ছে। ২/১টি ফেরি ফেরি যান্ত্রিক ত্রুটির কারণে মাঝে-মধ্যেই ঘাটে বসিয়ে রাখতে হয় ।
জানা গেছে, ফেরি সংকটের কারণে পাটুরিয়া দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। যানবাহনের চাপ বৃদ্ধি পাওয়ায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল ব্যহত হওয়ায় যানবাহন পারাপারে চরম সংকট সৃষ্টি হয়েছে। গত কয়েকদিন ধরেই চলছে এ সংকট। দেশের উত্তর-দক্ষিণ-পশ্চিমাঞ্চলের লোকজনের রাজধানী ঢাকার সাথে সহজ যোগাযোগের অন্যতম মাধ্যম হচ্ছে পাটুরিয়া ফেরি ঘাট।
পাটুরিয়া দৌলতদিয়া ঘাটে কর্মরত বিআইডব্লিউটিসির কর্মকতা-কর্মচারী ও শ্রমিকদের সূত্রে জানা গেছে, পাটুরিয়া ঘাটে বাস-ট্রাক মিলিয়ে পাঁচ শতাধিক ও দৌলতদিয়া ঘাটে বাস-ট্রাক মিলিয়ে তিন শতাধিক যানবাহন ফেরি পারের অপেক্ষায় ঘাটে এসে আটকা ছিল। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় এ রিপোর্ট লেখা পর্যন্ত উভয়ঘাটে সবমিলিয়ে আট শতাধিক যানবাহন ফেরি পারের অপেক্ষায় ছিল। তবে, এরমধ্যে পণ্যবাহী ট্রাকের সংখ্যাই বেশি বলে কর্র্তৃপক্ষ জানায়।
এদিকে, পাটুরিয়া ঘাটে যানজট এড়াতে মালবাহী ট্রাকগুলোকে পাটুরিয়া ঘাটের আরসিএল মোড় থেকে পাটুরিয়ামুখী করে লাইনে সারিবদ্ধভাবে রাখা হয়। এছাড়া, ঢাকা-আরিচা মহাসড়কের উথলী সংযোগ মোড় থেকে আটকিয়ে আরিচা সড়কে সারিবদ্ধভাবে রাখা হয়েছে। মালবাহী ট্রকগুলোকে আরিচা সড়কে রাখায় স্থানীয় যাত্রীদের নানা দুর্ভোগ পোহাতেত হয় বলে তারা অভিযোগ করেন। সকাল খেকে দুপুর পর্যন্ত আরিচা সড়কে মাঝেমধ্যেই যানজটের সৃষ্টি হয়। ফলে, স্থানীয় যাত্রীদের বিশেষ করে ছাত্রছাত্রীদেরকে দুর্ভোগ পোহাতে হয় বলে তারা জানান। দৌলতদিয়া ঘাটেও অনুরুপ অবস্থা রয়েছে।
বিআইডব্লিউটিসির পাটুরিয়া ঘাট ম্যানেজার আব্দুস সালাম জানান, বৃহস্পতিবার পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ছোট-বড় সবমিলিয়ে ১৫টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। একটি ফেরি যান্ত্রিক ত্রুটির কারণে বসিয়ে রাখা হয়েছে।





