নরসিংদীর পলাশে ইব্রাহিম মিয়া (৩৫) নামে এক বিদেশ ফেরত যুবক আত্মহত্যা করেছে। রোববার রাতে উপজেলার গজারিয়া ইউনিয়নের জয়পুরা গ্রামে ওই যুবকের নিজ বাড়িতে এ আত্মহত্যার করে। খবর পেয়ে সোমবার সকালে পলাশ থানা পুলিশ নিহতের ঝুলন্ত লাশ উদ্ধার করে।
নিহত যুবক গজারিয়া ইউনিয়নের জয়পুরা গ্রামের কাবিল মিয়ার ছেলে। সে কাতার প্রবাসী ছিল।
পলাশ থানা পুলিশ জানায়, নিহত ইব্রাহিম মিয়া গত চার মাস আগে কাতার থেকে দেশে ফিরেন। দেশে ফেরার ২০ দিন পর পারিবারিকভাবে বিয়েও করেন। তবে কাতার থেকে টাকা-পয়সা হারিয়ে সে মানসিকভাবে ভেঙ্গে পড়েছিল। রোববার রাতে খাওয়া-দাওয়া শেষে নিজ ঘরে একাই শুয়ে ছিলেন ইব্রাহিম। পরে সোমবার সকালে তার কোনো সাড়া-শব্দ না পেয়ে ঘরের দরজা ভেঙে পরিবারের লোকজন দেখতে পায় সে গলায় দড়ি পেচিয়ে ধর্নার সাথে ঝুলে আছে।
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. নাসির উদ্দিন বলেন, আত্মহত্যার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পরে নিহতের পরিবারের আবেদনের ভিত্তিতে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেওয়া হয়। তবে এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।





