ধামরাইয়ে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় মামলা

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

ধামরাইয়ে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় মামলা

  • ধামরাই (ঢাকা) প্রতিনিধি
  • প্রকাশিত ৩১ অক্টোবর, ২০২১

ঢাকার ধামরাইয়ে একটি ইউনিয়নে আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় শতাধিক জনকে আসামি করে আলাদা দুটি মামলা দায়ের হয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়নি বলে জানিয়েছে পুলিশ।

শনিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে ধামরাই থানায় আলাদা দুটি মামলা দায়ের হয়।

মামলা দুটি দায়ের করেন, স্বতন্ত্র প্রার্থী হাফিজুর রহমান সোহরাবের পক্ষে তার স্ত্রী শেলী রহমান। অপর মামলাটি দায়ের করেন আওয়ামী লীগের নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী কফিল উদ্দিনের কর্মী আহত আমিনুল ইসলাম।

পুলিশ জানায়, গতকাল সুয়াপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী হাফিজুর সোহরাব ও আওয়ামী লীগের প্রার্থী কফিল উদ্দিনের কর্মী-সমর্থকদের মধ্যে মারামারির ঘটনায় দুটি আলাদা মামলা দায়ের হয়েছে। স্বতন্ত্র প্রার্থীর পক্ষে তার স্ত্রী শেলী রহমান মামলা দায়ের করেছেন। ওই মামলায় ৭জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১০-১৫জনকে আসামি করা হয়েছে।

একই ঘটনায় নৌকা প্রতীকের প্রার্থী কফিল উদ্দিনের পক্ষ থেকে অপর মামলাটি দায়ের করেন তার কর্মী আমিনুল ইসলাম। মামলায় ৫২জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৩০-৪০জনকে আসামি করা হয়েছে।

ধামরাই থানার পরিদর্শক (অপারেশনস) নির্মল কুমার দাস বলেন, স্বতন্ত্র ও নৌকা প্রতীকের প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে মারামারির ঘটনায় দুটি মামলা দায়ের হয়েছে। দুই মামলায় উভয়পক্ষের নাম উল্লেখসহ অজ্ঞাত শতাধিকজনকে আসামি করা হয়েছে। তবে এখনও কাউকে আটক করা হয়নি।

প্রসঙ্গত, শনিবার বেলা ১২টার দিকে সুয়াপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ের পাশে দুই প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় স্বতন্ত্র প্রার্থীসহ উভয়পক্ষের অন্তত ১৫জন আহত হয়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads