দেশে ‘ডেনভি-৩’ নামে ডেঙ্গু রোগের নতুন ধরন শনাক্ত হয়েছে। নতুন এই ধরনটিতে বেশি আক্রান্ত হচ্ছে রাজধানী ঢাকার মানুষ।
আজ রোববার সকালে এই তথ্য জানিয়েছে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর)। ২০টি নমুনার জিনোম সিকোয়েন্স করে এই তথ্য তুলে ধরেছে বিসিএসআইআর।
আজ রোববার (২৯ আগস্ট) সকালে এক সংবাদ সম্মেলনে ভাইরাসের জিনোম সিকোয়েন্সিংয়ের তথ্য উন্মোচন করে প্রতিষ্ঠানটি। এ সময় গবেষণা প্রতিবেদন তুলে ধরেন সংস্থাটির প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. সেলিম খান।
তিনি বলেন, দেশে প্রথম এই ধরণ শনাক্ত হয় ২০১৭ সালে। এর আগে ডেনভি -১, ২-তে আক্রান্ত হয়ে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে উঠেছে অনেকের। কিন্তু ডেনভি-৩ এর বিরুদ্ধে এই ক্ষমতা গড়ে ওঠেনি। যারা আগের দুই ভ্যারিয়েন্টে আক্রান্ত তারা নতুন করে ডেনভি-৩ আক্রান্ত হলে হেমোরেজ বা সংকটাপন্ন অবস্থায় পড়েছে। তাই এবার মৃত্যু বেশি।
বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ভাইরোলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. সাইফুল্লাহ মুন্সি।
তিনি বলেন, বিসিএসআইআরের এই সিকোয়েন্সিং ভবিষ্যতে ভ্যাকসিন উৎপাদনে সহায়ক হবে। এবার ডেঙ্গুর ডেনভি-৩ ভ্যারিয়েন্টে মানুষ বেশি আক্রান্ত হচ্ছে। এটা ডেনভি-১,২ এর চেয়ে বেশি ভয়ঙ্কর।





