গাজীপুরের শ্রীপুর পৌর এলাকার মুলাইদ গ্রামে আদিব গ্রুপের ওয়েলটেক্স কারখানার ডাইং সেকশনের গরম পানিতে ঝলসে যাওয়া শ্রমিক ইসরাফিল মারা গেছেন। আজ সোমবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ঘটনায় হামিদুল নামে আরও এক শ্রমিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নিহত ইসরাফিলের বাড়ি মানিকগঞ্জ সদরের ইমাম নগর গ্রামে। তার বাবার নাম আলম হোসেন। সে বেশ কয়েক বছর ধরেই এ কারখানায় ডাইং সেকশনে অপারেটর হিসাবে কর্মরত রয়েছে।
বার্ন ইউনিটে আহত অন্য শ্রমিক হামিদুল নিহত ইসরাফিলের সহযোগী ছিলেন। সে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের কাঠালডাঙগি গ্রামের রফিকুল ইসলামের ছেলে।
দি ওয়েলটেক্স কারখানার ইয়ার্ণ ডাইংয় বিভাগের ব্যবস্থাপক হাফিজুর রহমান জানান, ডাইং মেশিনে কাজ করার সময় ফুটন্ত গরম পানি ওই দুই শ্রমিকের শরীরে এসে পড়ে। এতে দুজনের শরীরের বেশ কিছু অংশই ঝলসে যায়। পরে তাদের দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) বার্ন ইউনিটে ভর্তি করা হয়। আজ সকালে দগ্ধ শ্রমিক ইসরাফিল চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।





