জুতা পায়ে শহীদ মিনারে ইউপি চেয়ারম্যানের ফটোসেশন!

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

জুতা পায়ে শহীদ মিনারে ইউপি চেয়ারম্যানের ফটোসেশন!

  • সিরাজগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত ১৭ ডিসেম্বর, ২০১৯

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় এক চেয়ারম্যানসহ কয়েক জনকে জুতা পায়ে শহীদ মিনারের বেদিতে উঠে ফটোসেশন করার অভিযোগ উঠেছে। কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়েছে। এই ঘটনায় ফেসবুকসহ বিভিন্ন মহলে সমালোচনার ঝড় বইছে।

জানা যায়, জুতা পায়ে শহীদ বেদিতে ওঠা ওই চেয়ারম্যানের নাম আল-আমিন সরকার ইমন। তিনি  উপজেলার পূর্ণীমাগাতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।

স্থানীয় সূত্রে জানা গেছে, মহান বিজয় দিবস উপলক্ষে স্বাধীনতা যুদ্ধে শহীদদের শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে ফুল নিয়ে পূর্ণিমাগাঁতী ইউনিয়ন পরিষদের  চেয়ারম্যান আল আমিন সরকারের নেতৃত্বে পূর্ণিমাগাঁতী ইউনিয়ন আওয়ামী লীগের নেতারা ও সহযোগী সংগঠনের নেতারদেরকে নিয়ে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে তারা বাংলাদেশের পতাকার আদলে পাঞ্জাবি পরে জুতা পায়ে শহীদ বেদীতে ফটোসেশন করেন।

এ সময় পূর্ণিমাগাঁতী ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মমিন ভূঞা, যুবলীগের আহ্বায়ক মনসুর রহমান, ছাত্রলীগের সভাপতি আল আমিন, ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক রতন, ইউনিয়ন আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক মো. টুটুল, ৪ নম্বর ওয়ার্ডের সভাপতি আব্দুর রউফসহ অনেক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এদিকে জুতা পায়ে শহীদ বেদিতে ওঠে ফটোসেশনের ঘটনায় ফেসবুকসহ বিভিন্ন মহলে সমালোচনার ঝড় উঠেছে। এ ঘটনায় এলাকাবাসী বিস্ময় ও ক্ষোভ প্রকাশ করেছেন।

জুতা পায়ে শহীদ বেদিতে ফটোসেশন করা চেয়ারম্যান আল আমিন সরকার ইমনের কাছে  বিষয়ে জানতে  মুঠোফোনে কয়েকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক মুক্তিযোদ্ধা গাজী গোলাম মোস্তফা বলেন, জুতা পায়ে শহীদ বেদীতে উঠার ঘটনাটি আমার জানা নেই। তবে এ ধরনের ঘটনা ঘটলে সেটা খুবই ধৃষ্টতাপূর্ণ। এটি ক্ষমার অযোগ্য।

উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুজ্জামান বলেন, বিষয়টা নিঃসন্দেহে একটা অবশ্যই দায়িত্বহীনতার পরিচয়। স্বাধীন বাংলাদেশের নাগরিক হিসেবে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা আমাদের সবার দায়িত্ব। এতে কোনো কার্পণ্যতা করার সুযোগ নেই। কেউ যদি অবচেতন মনে হোক বা যে কোনো কারণে অসম্মান প্রদর্শন করে এটা খুবই দুঃখজনক। বিষয়টি খতিয়ে দেখা হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads