সেন্টমার্টিনের পরিবেশ রক্ষায় পদক্ষেপ নিতে হাইকোর্টের রুল

ফাইল ছবি

আইন-আদালত

সেন্টমার্টিনের পরিবেশ রক্ষায় পদক্ষেপ নিতে হাইকোর্টের রুল

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১৭ ডিসেম্বর, ২০১৯

সেন্টমার্টিন দ্বীপের পরিবেশ রক্ষায় কার্যকর পদক্ষেপ নিতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

জনস্বার্থে আনা একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান এবং বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ আজ এ আদেশ দেন।

একইসঙ্গে সারাদেশে প্লস্টিকমুক্ত পর্যটন নিশ্চিত করতে যথাযথ প্রশাসনিক ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের প্রতি কেন নির্দেশ দেয়া হবে না, রুলে তাও জানতে চেয়েছেন আদালত।

পর্যটন সচিব, বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন সচিব ও স্বরাষ্ট্র সচিবকে চার সপ্তাহের মধ্যে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী জুলহাস উদ্দীন আহমেদ। তার সঙ্গে ছিলেন আইনজীবী শেখ ওমর শরীফ।

ফেসবুক ভিত্তিক ট্রাভেলার্স অফ বাংলাদেশ নামের একটি গ্রুপর সংগঠক মুহাম্মদ আবদুল্লাহ জনস্বার্থে রিটটি দায়ের করেন।

এর আগে গত অক্টোবরে ট্রাভেলার্স অব বাংলাদেশ সেন্টমার্টিন দ্বীপে একটি পরিচ্ছন্নতা অভিযান চালিয়ে সেখান থেকে ৫৫৫ কেজি প্লাস্টিক বর্জ্য উদ্ধার করে। রিটে সেন্টমার্টিন দ্বীপের পরিচ্ছন্ন ও দূষণমুক্ত পরিবেশ রক্ষায় কার্যকর পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের ব্যর্থতা তুলে ধরা হয়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads