চাপাতি দিয়ে পেছন থেকে পুলিশ সদস্যদের ওপর অতর্কিত হামলার পরিকল্পনা ছিল আনসারুল্লাহ বাংলা টিমের জঙ্গিদের। গতকাল বুধবার রাতে রাজধানীর শাহ আলীর রইনখোলা ঈদগাহ এলাকা থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠনটির চার সদস্যকে গ্রেপ্তারের পর তাদের মোবাইল ফোনে এমন পরিকল্পনার তথ্য জানতে পারে র্যাব-৪।
আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজার র্যাবের মিডিয়া সেন্টারে গ্রেপ্তারকৃত জঙ্গিদের হামলার পরিকল্পনা নিয়ে সাংবাদিকের এসব তথ্য জানান র্যাব-৪ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোজাম্মেল হক।
গ্রেপ্তারকৃত চারজন হলেন- আরিফুর করিম চৌধুরী ওরফে আদনান চৌধুরী, মেহেদী হাসান শাকিল ওরফে বাবু, আব্দুল আল মামুন ওরফে আসাদুল্লাহ হিল গালিব ও নাজমুল হাসান। এ সময় তাদের কাছ থেকে উগ্রবাদী বই, লিফলেট, ইলেকট্রনিক সার্কিট, ডিভাইস, ব্যাটারি ও মোবাইল ফোন উদ্ধার করা হয়।
অতিরিক্ত ডিআইজি জানান, জঙ্গিদের মোবাইল ফোন ফরেনসিক করে আমরা জানতে পেরেছি তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর আক্রমণ করার পরিকল্পনা করছিল। বিশেষ করে আকস্মিক চাপাতি ব্যবহার করে পুলিশের ওপর আক্রমণের পরিকল্পনা ছিল। আর হামলার সময় কোনো ধরনের ইলেকট্রনিকস ডিভাইস বা ফোন ব্যবহার করবে না। দুই-তিনজনের ছোট্ট গ্রুপ বা সেলে বিভক্ত হয়ে হামলার পরিকল্পনা ছিল তাদের। পুলিশকে জখম করতে পেছন থেকে ধারালো চাপাতি বা চাকু ব্যবহার করতো।





