কুমিল্লার চৌদ্দগ্রামে প্রকাশ্যে পুলিশকে হত্যার হুমকি ও হামলা চালিয়ে দুই পুলিশ আহত হওয়ার ঘটনায় ইউপি সদস্য হানিফ মিয়াকে গ্রেপ্তার করেছে। পুলিশ আহত হওয়ার ঘটনায় থানার এএসআই শাহজাদা বাদি হয়ে হানিফ মিয়াসহ ২৮ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছে। জিজ্ঞাসাবাদের জন্য ইউপি সদস্যের রিমান্ডের আবেদন করে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
বৃহস্পতিবার তথ্যটি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা।
তিনি বলেন, গত ২৯ এপ্রিল রাতে উপজেলা শ্রীপুর ইউনিয়নের নারচর গ্রামে ইউপি সদস্য হানিফ মিয়ার নেতৃত্বে ভেকু দিয়ে মাটি কেটে নিয়ে যায়। এ ঘটনায় জমির মালিক জাতীয় জরুরী সেবা-৯৯৯-এ ফোন করলে তিনি থানার এএসআই শাহাজাদার নেতৃত্বে পুলিশ প্রেরণ করেন।
পুলিশের উপস্থিতিতে ওই ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য হানিফ মিয়া এএসআই শাহজাহাদার উপরে হামলা চালিয়ে তাকে ও পুলিশের অপর এক সদস্যকে আহত করে। এছাড়াও ভবিষ্যতে এ নিয়ে বাড়াবাড়ি করলে প্রাণনাশের হুমকি দেয়। এ সময় হানিফ মিয়া স্থানীয় সাংসদ ও সাবেক রেলপথ মন্ত্রী মুজিবুল হকের নাম ব্যবহার করে পুলিশকে অশ্লীল ভাষায় গালাগাল ও হুমকি প্রদর্শন করে। এ সংক্রান্ত একটি অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।
তিনি আরও বলেন, এ ঘটনায় এএসআই শাহজাদা বাদি হয়ে থানায় একটি মামলা দায়ের করলে পুলিশ পহেলা মে রাত ৯টার দিকে হানিফ মিয়াকে বাড়ি থেকে গ্রেপ্তার করে। অন্যান্য আসামীদের সন্ধানের জন্য হানিফ মিয়াকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে আবেদন করা হয়েছে।





