ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নিবন্ধিত ৪৪ জন জেলে পরিবারকে ২টি করে ভেড়া দেওয়া হয়েছে। জেলেদের বিকল্প কর্মসংস্থানের উৎস হিসাবে বৃহত্তর কুমিল্লা জেলা মৎস্য উন্নয়ন প্রকল্পের আওতায় বৃহস্পতিবার দুপুরে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ মাঠে উপকারভোগী জেলেদের মাঝে এসব ভেড়া বিতরণ করা হয়।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী নির্বাহী কর্মকর্তা রুমানা আক্তার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন সফিক আলেয়া, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রৌনক জাহান, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মোঃ রেজাউল করিম, সমবায় কর্মকর্তা দুবরাজ রবি দাস, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ মোসলেহ উদ্দিন আহম্মদ প্রমুখ।
উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মোঃ রেজাউল করিম বলেন, এ উপজেলায় ১ হাজার ৪১০ জন নিবন্ধিত জেলে রয়েছে। গত ৫ বছর যাবত ৬৮০ জন জেলেকে সেলাই মেশিন দেওয়া হয়েছে। ২০ জনকে ছাগল দেওয়া হয়েছে। বাকীদেরকে এ বছরের মধ্যে দেওয়া হবে।
এ উপজেলায় সেলাই মেশিন বেশি বিতরণ হওয়ায় এজন্য ছাগল বা ভেড়া দেওয়া হচ্ছে। দুপুরে ৪৪ জনকে এক জোড়া করে ভেড়া দেওয়া হয়।
উপজেলা নির্বাহী অফিসার রুনামা আক্তার বলেন, নিবন্ধিত জেলেরা যখন মাছ ধরতে পারে না সে সময় তাদের বিকল্প আয়ের জন্য সরকার গত ৫ বছর ধরে অনুদান দিয়ে আসছেন। এরই ধারাবাহিকতায় তাদেরকে ভেড়া দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে অন্যদেরকেও দেওয়া হবে।





