ভিপি নুর ও তার নেতাকর্মীরাই ফুটেজ গায়েব করেছে: সাদ্দাম

সংগৃহীত ছবি

জাতীয়

ভিপি নুর ও তার নেতাকর্মীরাই ফুটেজ গায়েব করেছে: সাদ্দাম

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ২৯ ডিসেম্বর, ২০১৯

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুর ও তার সংগঠনের নেতাকর্মীরাই গত ২২ ডিসেম্বর ঘটে যাওয়া সংঘর্ষের ঘটনার সিসিটিভির ফুটেজ গায়েব করেছে বলে অভিযোগ করেছেন ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন।

আজ রোববার বেলা ডাকসু ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। এ সময় ডাকসুতে ছাত্রলীগ প্যানেল থেকে নির্বাচিত প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ছাত্রলীগ নেতা ও ডাকসুর এজিএস সাদ্দাম হোসেন।

সাদ্দাম হোসেন অভিযোগ করে বলেন, ভিপি নুরুল হকের নেতাকর্মীরা সেদিন আগেই মুক্তিযুদ্ধ মঞ্চের নেতাকর্মীদের ওপর হামলা চালিয়েছে। সে ঘটনাকে লুকাতেই তারা এই সিসিটিভি ফুটেজ গায়েব করে।

তিনি বলেন, সাম্প্রতিক সময়ে ভিপি নুরের টেন্ডারবাজি, তদবির বাণিজ্য, পার্সেন্টেজ আদায় ইত্যাদি অনৈতিক অর্থনৈতিক কর্মকাণ্ড সবার সামনে উন্মোচিত হওয়ার বিষয়টিকে ধামাচাপা দিতে পরিকল্পিতভাবে মুক্তিযুদ্ধ মঞ্চের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে। তারই অংশ হিসেবে পরিকল্পিত এই সংঘর্ষ ঘটিয়ে নিজেদের বিপ্লবী ভূমিকা জাহির করার ও সিমপ্যাথি পলিটিক্সে নিজেদের ভাবমূর্তি গড়ার জন্য ষড়যন্ত্রমূলক এই ঘটনা ঘটাতে পারে।’

তিনি বলেন, ‘২২ ডিসেম্বরের ঘটনায় বাংলাদেশ ছাত্রলীগ মনোনীত কোনো ডাকসু প্রতিনিধির বিন্দুমাত্র সম্পর্ক নেই। উল্লেখিত সংঘর্ষ, হামলা-পালটা হামলার সঙ্গে বাংলাদেশ ছাত্রলীগ, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কেউ কোনোভাবেই জড়িত নয়।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য সনজিত চন্দ্র দাস এবং এজিএস সাদ্দামের আহ্বানে সাড়া দিয়ে মুক্তিযুদ্ধ মঞ্চ যেমন পিছু হটেছিল, একই আহ্বানে সাড়া দিয়ে ভিপি নুর পিছু হটলে সংঘর্ষ এড়ানো যেত বলেও মনে করেন সাদ্দাম।

নুরের মামলার আবেদনে অভিযোগের বিষয়টি মিথ্যা দাবি করে তিনি বলেন, ‘সিনেট সদস্য সনজিত চন্দ্র দাস, এজিএস সাদ্দাম হোসেন, সদস্য রাকিবুল ইসলাম ঐতিহ্য, সদস্য মুহা. মাহমুদুল হাসান সর্বাত্মকভাবে সংঘর্ষ থামানোর চেষ্টা করার পরও ভিপি নুর পুলিশের কাছে তাদের নামে মামলার আবেদন করে। স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক সাদ বিন কাদের ঘটনাস্থলে উপস্থিত না থাকার পরও মামলার আবেদনে তার নাম যুক্ত করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ এই মিথ্যা অভিযোগ দায়েরের জন্য ভিপি নুরের প্রতি ধিক্কার জানাচ্ছে।’

সংবাদ সম্মেলন থেকে সাদ্দাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং আইন শৃঙ্খলা বাহিনীর কাছে বেশ কিছু দাবি তুলে করেন।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads