টেকনাফে মো. জোবাইর (২৮) নামে এক যুবক গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। সে সাবরাং ইউনিয়নের লাফারঘোনা এলাকার আব্দু শুক্কুরের ছেলে। বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে নিজ বাড়িতে গলায় ফাঁস দিয়ে সে আত্মহত্যা করে। এলাকাবাসী জানিয়েছে, বাড়িতে তারা পিতা-পুত্র দুইজনই শুধু বসবাস করতো। পরিবারের অন্যরা বিয়ের পর আলাদা সংসার নিয়ে থাকে। সে ৩ বছর পূর্বে মালয়েশিয়া গমন করে ৫-৬ মাস পূর্বে সেখান থেকে ফিরে আসে। একপর্যায়ে মাদক ইয়াবা সেবনে আসক্ত হয়ে পড়ে। অপরদিকে মালয়েশিয়া যাওয়ার সময় করা ধার দেনাও শোধ করতে পারেনি। একদিকে বেকার জীবন অপরদিকে মাদকাসক্ত হয়ে পড়া এনিয়ে ঘটনার দিন বৃদ্ধ পিতা তাকে বকাঝকা করে। এতে সে আত্মহত্যা করে থাকতে পারে বলে ধারনা করছেন তারা।
খবর পেয়ে টেকনাফ থানার উপ-পরিদর্শক বোরহান উদ্দিন জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করা হয়েছে। গলায় ফাঁস লাগিয়ে উক্ত যুবক আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। ময়নাতদন্তে মৃত্যুর সঠিক কারন জানা যাবে।





