পৃথিবীর সবচেয়ে কম ওজনের মানুষ চেরাগ আলী। তার ওজন মাত্র সাড়ে ১৩ কেজি। গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লেখানোর স্বপ্ন দেখছেন তিনি। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে কম ওজনের মানুষ ম্যাক্সিকোর লুসিয়া জারাটে বেেঁচ না থাকায় রেকর্ডটি তার দখলে আনতে চান চেরাগ আলী। এজন্য তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সংশ্লিষ্ট কতৃপক্ষের সহযোগিতা চেয়েছেন।
চেরাগ আলী সিলেটের বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের চক রামপ্রসাদ গ্রামের মৃত আব্দুল লতিফের ২য় ছেলে। তার বয়স ৬০ বছর, উচ্চতা ৩৩ ইঞ্চি, ওজন মাত্র সাড়ে ১৩ কেজি। চেরাগ আলী ৪০ বছর বয়সে বিয়ে করেন। এখন তিনি ৫ সন্তানের জনক। ২ ছেলে ও ৩ মেয়ে তার। তিনি মানুষের সাহায্য সহযোগিতা নিয়েই সংসার চালান। একসময় তিনি লন্ডনে গিয়েছিলেন। তবুও তার ভাগ্য ফেরেনি। বর্তমানে প্রতিবন্ধী ভাতা ছাড়া আর কোনো সহযোগিতা পাননি।
প্রাপ্তবয়স্ক সবচেয়ে কম ওজনের মানুষ ম্যাক্সিকোর লুসিয়া জারাটে। ২০তম জন্মদিনে তার ওজন হয়েছিল ৫.৯ কেজি। তিনি ২৬ বছর বয়সে মারা যান। কিন্তু চেরাগ আলী এখন ষাটোর্ধ্ব পুরুষ এবং সুস্থ শরীরে বেঁচে আছেন। তাই তিনি গিনেস বুকে নাম লেখাতে আগ্রহী।
এদিকে, এ পর্যন্ত বিশ্বের সবচেয়ে ভারি মানুষের তালিকায় আছেন আমেরিকার জন ব্রাওয়ার মিনোক। ১৯৭৮সালে তার ওজন ছিলো ৬৩৫ কেজি। সবচেয়ে লম্বা মানুষ বান্দরবানের জিন্নাত আলী। তার বর্তমান উচ্চতা ৮ ফুট ৬ ইঞ্চি। সবচেয়ে খাটো মানুষ নেপালের চন্দ্র বাহাদুর দঙ্গি। তার উচ্চতা ২১.৫ ইঞ্চি।
চেরাগ আলীর চেয়ে ৬০ বছর বয়সের এতো কম ওজনের মানুষ পৃথিবীতে আছে কিনা যথেষ্ট সন্দেহ রয়েছে। এর আগে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে ছোট মানুষ হিসেবে নাম লিখিয়ে ছিলেন নেপালের কৃষক চন্দ্র বাহাদুর দঙ্গি। তার ওজন ছিল সাড়ে ১৪কেজি। অবশ্য তার উচ্চতা ছিল ২১.৫ ইঞ্চি। দঙ্গি’র চেয়ে উচ্চতা একটু বেশি হলেও বিশ্বের সবচেয়ে কম ওজনের মানুষ হিসেবে চেরাগ আলী বেঁচে থাকায় গিনেস ওয়ার্ল্ড রেকর্ডভূক্ত হওয়ার সম্ভবনা বেশী মনে করছেন অনেকেই। এ ব্যাপারে চেরাগ আলী সরকার-গণমাধ্যমসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা চেয়েছেন।
উপজেলা নির্বাহী অফিসার অমিতাভ পরাগ তালুকদার বলেন, চেরাগ আলীর জন্য উর্দ্ধোতন কতৃপক্ষের নিকট আবেদন করা প্রয়োজন।





