নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরীরের সরকার বিরোধী পোস্টার লাগানো হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাটলে।
রোববার শাটল ট্রেনের প্রতিটি বগিতে শতাধিক পোস্টার দেখা গেছে।
এদিকে, চবি ছাত্রলীগের নবগঠিত কমিটির সভাপতি রেজাউল হক রুবেলের নেতৃত্বে বিকালে সবগুলো পোস্টার উপড়ে ফেলা হয়েছে।
তিনি বলেন, জঙ্গি গোষ্ঠীর এমন পোস্টার বিশ্ববিদ্যালয়ের জন্য আতঙ্কজনক। ছাত্রলীগের পক্ষ থেকে এটার প্রতি তীব্র নিন্দা জানাচ্ছি। ইতিমধ্যে শিক্ষার্থীদের মাঝে আতঙ্ক বিরাজ করছে। এই বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
এ বিষয়ে হাটহাজারী থানার ওসি বেলাল উদ্দিন জাহাঙ্গীর বলেন, এটা আমরা শুনেছি। তবে বিশ্ববিদ্যালয় এলাকায় নেই। হয়ত রাতের অন্ধকারে কে বা কারা শাটল ট্রেনে লাগিয়েছে। বিশ্ববিদ্যালয় এলাকায় যাতে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য সতর্ক অবস্থানে আছি।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর প্রণব মিত্র জানান, এটা নিয়ে আমি কি বলবো? বিশ্ববিদ্যালয়ের কেউ এগুলো লাগায়নি। বারবার শহরে লাগানো হচ্ছে।





