ময়মনসিংহের হালুয়াঘাটে ধারা বাজারে বাইপাস এলজিইডির রাস্তা উদ্ধারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। দীর্ঘদিনের অবৈধ শতাধিক দোকানপাট উচ্ছেদ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোঃ তৌহিদুর রহমান।
বুধবার বিকাল থেকে সন্ধা পর্যন্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অব্যাহত ছিল। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মাহফুজুর রহমান, স্থানীয় ইউপি চেয়ারম্যান তোফায়েল আহমেদ বিপ্লব, পুলিশ প্রশাসন ও প্রিন্ট এন্ড ইলেকট্রনিক্স মিডিয়া কর্মীরা।
উচ্ছেদ বিষয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান তোফায়েল আহমেদ বিপ্লব জানান, দীর্ঘদিন ধরে ধারা বাজারে শতাধিক অবৈধ দোকানপাট স্থাপন করনে ২৪ ফুট রাস্তার মধ্যে ১২ ফুট থাকায় ব্যাপক যানজটের সৃষ্টি হতো। এর আগে কয়েকবার উদ্যোগ নিয়েও অবৈধ দখলদারদেরকে উচ্ছেদ করা সম্ভব হয়নি। রাস্তাটির জন্য প্রধানমন্ত্রী স্থানীয় সাংসদ জুয়েল আরেং এর মাধ্যমে ১ কোটি ৬৬ লক্ষ টাকা বরাদ্দ দেন। বাজারে জাইকা প্রকল্পের অর্থায়নে একটি বড় ধরনের ড্রেন ও ব্যবসায়ীদের জন্য সেডঘর নির্মাণ করা হবে।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নিবার্হী ম্যাজিস্ট্রেট তৌহিদুর রহমান জানান, অনেকদিনের দাবি রাস্তার উপরে শতাধিক দোকান থাকার কারণে প্রতিনিয়তই যানজটের সৃষ্টি হতো। এই সব দোকানগুলো উচ্ছেদের জন্য এলজিইডি থেকে আমাদের কাছে চাহিদাপত্র পাঠায়। সেই লক্ষে রাস্তা প্রসস্থ্য হওয়ার কারনে অবৈধ দোকান গুলো উচ্ছেদ করা হয়েছে।





