হবিগঞ্জে এমপি আবু জাহির ১ম বিভাগ ক্রিকেট লীগে মডার্ণ ক্লাব অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে। জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত হবিগঞ্জ আধুনিক স্টেডিয়ামে আজ শুক্রবার অনুষ্ঠিত ফাইনাল খেলায় তারা উত্তরণ সংসদকে ২ উইকেটে পরাজিত করে।
টসে জয়লাভ করে প্রথমে ব্যাটিং করতে নেমে উত্তরণ সংসদ ৪৩.১ ওভারে সব কয়টি উইকেট হারিয়ে ১৪৬ রান সংগ্রহ করে। দলের পক্ষে রকি ৬৪, সাইদুর ২৯ রান সংগ্রহ করে। মডার্ণের রাজু ও ধিমান ৩টি করে, জসিম ২টি ও নাছিম এবং রাফি ১টি করে উইকেট লাভ করে। জবাবে মডার্ণ ক্লাব ৩৮.৪ ওভারে ৮ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌছায়। দলের পক্ষে অধিনায়ক মুকুল ৩৬, তারেক ২০, ধিমান ১৯, আল আমিন ও হিমেল ১২ রান করে সংগ্রহ করে। উত্তরনের রাব্বি, রিহাব ও জুনেদ ২টি করে, রিন্টু ও রতন ১টি করে উইকেট লাভ করে।
ম্যান অব দ্যা ফাইনাল নির্বাচিত হয় মডার্ণের ধিমান, সর্বোচ্চ রান সংগ্রহকারী মডার্ণের অধিনায়ক মুকুল এবং সর্বোচ্চ উইকেট সংগ্রহকারীর পুরস্কার পায় শ্যামলী ক্রীড়া চক্রের আনসার।
খেলা শেষে প্রধান অতিথি হিসাবে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন হবিগঞ্জ-৩ আসনের এমপি এডভোকেট মো. আবুু জাহির। অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক ফজলুল জাহিদ পাভেল এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক ফরহাদ হোসেন কলি, সহ-সভাপতি এডভোকেট আলমগীর চৌধুরী, আব্দুর রহমান, ক্রিকেট কমিটির সাধারন সম্পাদক বদরুল আলম, যুগ্ম-সাধারন সম্পাদক এডভোকেট সুলতান মাহমুদ, শফিকুজ্জামান হিরাজ, কোষাধ্যক্ষ হুমায়ুন কবির চৌধুরী শাহেদ, হুমায়ুন খান, মঈন উদ্দিন চৌধুরী সাম্মু, জসীম উদ্দিন সুজন প্রমুখ।





