হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারন সম্পাাদক বুলবুল খানকে অস্ত্র মামলায় ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
আজ মঙ্গলবার বিকালে এ রায় দেন হবিগঞ্জ বিশেষ ট্রাইবুনাল -৪ এর বিচারক মোহাম্মদ শহিদুল আমিন।
কারাদণ্ডপ্রাপ্ত বুলবুল খান শায়েস্তাগঞ্জ উপজেলার নিশাপট গ্রামের মৃত ছুরক আলীর পূত্র।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০১২ সালের ১৫ মার্চ গভীর রাতে র্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের ডিএডি সৈয়দ আবুল হাশেম নেতৃত্বে একদল র্যাব অভিযান চালায়। তার স্বীকারোক্তি মতে বাড়ির একটি সোফার নীচ থেকে একটি অবৈধ রিভলভার উদ্ধার করা হয়। এ ব্যাপারে শায়েস্তাগঞ্জ থানায় একটি অস্ত্র মামলা দায়ের করা হয়। পরে তদন্ত শেষে তার বিরুদ্ধে চার্জশীট দেয় পুলিশ। রাস্ট্রপক্ষের ২২ জন সাক্ষীর মধ্যে ১৪ জন স্বাক্ষীর জবানবন্দি ও জেরা শেষে বিজ্ঞ বিচারক ওই রায় ঘোষণা করেন। রায় ঘোষণা কালে আসামী বুলবুল খান আদালতে উপস্থিত ছিলেন।
আসামীপক্ষের আইনজীবি এডভোকেট জয়নাল আবেদীন মামলার রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।





