স্বল্প পরিসরে রাবির ৬৮ বছর উদযাপন

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

স্বল্প পরিসরে রাবির ৬৮ বছর উদযাপন

  • রাবি প্রতিনিধি
  • প্রকাশিত ৬ জুলাই, ২০২১

করোনার প্রাদুর্ভাব থাকায় এবারও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী সীমিত পরিসরে উদযাপিত হয়েছে। মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের শহীদ সৈয়দ নজরুল ইসলাম ভবনের সামনে বেলুন ফেস্টুন উড়িয়ে ৬৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করেন ভিসি (রুটিন দায়িত্ব) অধ্যাপক ড. আনন্দ কুমার সাহা।

পরে সকাল সাড়ে দশটায় বিশ্ববিদ্যালয় কৃষি প্রকল্প চত্বরে বৃক্ষরোপণ করা হয়। বেলা ১১টায় ভার্চুয়াল অনলাইনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি অধ্যাপক ড. চৌধুরী মো. জাকারিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত ভিসি অধ্যাপক ড. আনন্দ কুমার সাহা, প্রধান আলোচক ছিলেন বিশিষ্ট অর্থনীতিবিদ প্রফেসর সনৎ কুমার সাহা।

প্রধান অতিথির বক্তব্যে ভিসি বলেন, বিগত প্রায় সাত দশক ধরে বিশ্ববিদ্যালয় দেশে উচ্চশিক্ষা ও গবেষণাক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এর শিক্ষার্থীরা দেশে বিদেশে নিজ নিজ কর্মক্ষেত্রে সাফল্য ও উৎকর্ষের স্বাক্ষর রেখে চলেছে। ফলে এই বিশ্ববিদ্যালয় এক বিশেষ মর্যাদা লাভ করেছে। আগামী দিনগুলিতেও সে সফলতার অক্ষুন্ন থাকবে বলে আশাব্যক্ত করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন রেজিস্ট্রার অধ্যাপক ড. আব্দুস সালাম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. একে এম মোস্তাফিজুর রহমান, ছাত্র উপদেষ্টা, প্রক্টর, প্রাধ্যক্ষবৃন্দ, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারিরা।  

এদিকে প্রতিবছরই প্রতিষ্ঠানটির জন্মদিনকে ঘিরে থাকে নানা আয়োজন। ক্যাম্পাস নতুনরুপে সুসজ্জিত হয়ে উঠে। ক্যাম্পাস জুড়ে ছাত্র শিক্ষকের পদচারণায় তৈরি উৎসবমুখর পরিবেশ। কিন্তু এবার করোনার থাবায় সীমিত পরিসরে ঘরোয়া আয়োজনের মধ্যে দিয়ে স্বাস্থ্যবিধি মেনে পালন করা হয় এ দিনটিকে।

প্রসঙ্গত, ১৯৫৩ সালের ৬ জুলাই মাত্র ১৬১ জন শিক্ষার্থী নিয়ে বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু হয় । ৭৫৩ একরের বিশাল ভূমিতে প্রায় ৩৮ হাজার শিক্ষার্থী অধ্যায়ণরত। রয়েছে ১২ শতাধিক শিক্ষক ও দুই হাজার কর্মকর্তা কর্মচারী। এছাড়াও ১২ অনুষদের অধীনে বিভাগ রয়েছে ৫৯টি । ১২টি একাডেমিক ভবনসহ ছাত্রদের আবাসিক হল রয়েছে ১১টি ও ছাত্রীদের জন্য রয়েছে ছয়টি । এছাড়াও গবেষক ও বিদেশী শিক্ষার্থীদের জন্য রয়েছে একটি আন্তর্জাতিক ডরমিটরি রয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads