চট্টগ্রাম প্রতিনিধি:
লালগালিচা সংবর্ধনায় স্বদেশে মাটিতে নামেন এম বি আব্দুল্লাহ,র ২৩ নাবিক। দীর্ঘ দুই মাসের ‘ঝঞ্ঝা’র পর অবশেষে স্বদেশে স্বজনদের মাঝে ফিরেছেন জলদস্যুদের হাত থেকে মুক্তি পাওয়া সেই ২৩ নাবিক। মঙ্গলবার (১৪ মে) চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনালে পৌঁছে স্বজনদের বুকে নিয়ে কান্নায় ভেঙে পড়েন তাঁরা। মঙ্গলবার (১৪ মে) বিকেল পৌনে ৪টার দিকে তাঁদের বহন করা লাইটারেজ জাহাজ এমভি জাহান মণি-৩ জেটিতে নোঙর করে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের পক্ষ থেকে সেখানে তাদেরকে লালগালিচা সংবর্ধনা দেওয়া হয়।
২৩ নাবিক জাহাজ থেকে হাত নেড়ে আগত দের উদ্দেশ্যে শুভেচ্ছা জানান তারা। তিনটি টাগবোটের সহায়তায় এমভি জাহান মণি জাহাজটি এনসিটি ১ জেটিতে ভিড়ানো হয় বিকেল চারটির দিকে।এরপর জেটির সঙ্গে ভ্রাম্যমাণ সিঁড়ি যুক্ত করা হয়। সোয়া চারটার দিকে চট্টগ্রাম বন্দরের এনসিটি-১ জেটিতে একে একে নামেন নাবিকরা। এ সময় আবেগাপ্লুত হয়ে পড়েন তাদের অপেক্ষমাণ স্বজনরা। নাবিকদের চোখে ছিল পানি, মুখে হাসি। এ হাসি যেন এক যুদ্ধজয়ের।
অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী, চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ সোহায়েল ও সচিব ওমর ফারুক, কেএসআরএম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান, উপব্যবস্থাপনা পরিচালক সরওয়ার জাহান রোকন, উপব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার জাহান রাহাত ও প্রধান নির্বাহী কর্মকর্তা মেহেরুল করিম।
সিটি মেয়র রেজাউল করিম বলেন, ‘দীর্ঘ দুমাস মৃত্যুর সাথে মুখোমুখি হয়ে প্রতিটি মুহূর্ত যারা মনে করেছেন এ মাত্র আমাদের জীবন প্রদীপ শেষ হয়ে আসবে তাদেরকে আমরা ফিরে পেয়েছি। স্বাভাবিকভাবে আমরা চট্টগ্রামবাসী আজকে আনন্দিত উচ্ছ্বসিত আবেগাপ্লুত। সন্তান ফিরে আসলে মা-বাবা যেমন অশ্রু ধরে রাখতে পারে না তেমনি আমরা যারা সমবেত হয়েছি তারা আবেগ ধরে রাখতে পারিনি।’
এমভি আবদুল্লাহর চিফ অফিসার মো. আতিক উল্লাহ খান জানান ,বিভৎস দিন থেকে আলোর দিনে ফিরেছি। দুঃসহ সেই স্মৃতির কথা আর মনে করতে চাই না। ট্রমা কাটিয়ে ওঠার চেষ্টা করছি। আপনারা দোয়ার করবেন। দুই সন্তানকে কাছে পেলাম। বাসায় আরেক সন্তান কান্না করছে। তাঁর কাছে ফিরতে হবে দ্রুত।এর আগে বেলা ১২টার দিকে নতুন নাবিকদের কাছে দায়িত্ব হস্তান্তর শেষে জাহাজটিতে করে তাঁরা বন্দর জেটির উদ্দেশে কুতুবদিয়া থেকে রওনা হন।
সোমবার (১৩ মে) সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে জাহাজটি কুতুবদিয়ায় বঙ্গোপসাগরে নোঙর করে। একইদিন এমভি জাহান মণি-৩ নামে একটি লাইটারেজ জাহাজে করে ২৩ নাবিকের নতুন একটি টিম কুতুবদিয়ার উদ্দেশে রওয়ানা দেয়।





