নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা পরিষদ নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে গত সোমবার আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষের ঘটনায় আজ মঙ্গলবার থানায় দু’পক্ষ পাল্টাপাল্টি মামলা দায়ের করেছেন।
সোনারগাঁ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হেলাল উদ্দিন জানান, গত সোমবার উপজেলা পরিষদ নির্বাচনের মনোনয়নপত্র জমা দিতে যান আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মোশারফ হোসেন সহ তার সমর্থকরা। পরে মনোনয়নপত্র জমা দিতে যান উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক স্বতন্ত্র প্রার্থী মাহফুজুর রহমান কালাম ও তার সমর্থকরা। এ সময় দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের ঘটনায় মঙ্গলবার মোশারফ হোসেন সমর্থক নাজমুর রহমান সজিব বাদি হয়ে জেলা পরিষদের সদস্য মোস্তাফিজুর রহমান মাসুমকে প্রধান আসামি করে ৬ জনের নাম উল্লেখ করে ৪০/৫০ জনকে অজ্ঞাতনামা আসামী করে একটি মামলা করেন।
অপর মামলাটি মাহফুজুর রহমান কালাম সমর্থক নবনুর হোসেন সাবিক বাদি হয়ে উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নুকে প্রধান আসামি করে ১০ জনের নাম উল্লেখ করে ৩০/৩৫জনকে অজ্ঞাতনামা আসামী করে মামলাটি দায়ের করেন।





