চট্টগ্রামে পুলিশের সঙ্গে ‘গোলাগুলিতে’ বেলাল হোসেন দফাদার (৩৯) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশের দাবি, নিহত ব্যক্তি একজন ‘সিরিয়াল শিশু ধর্ষক । নিহত মো. বেলাল হোসেন দফাদার (৩৯) আগে বায়েজিদ বোস্তামি এলাকায় থাকতো। পরে সীতাকুণ্ড উপজেলার কালু শাহ মাজার এলাকায় ভাসমানভাবে বসবাস করতো।
বুধবার (২২ জুলাই) গভীর রাতে চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামি থানার শান্তিনগর আবাসিক এলাকায় এই গোলাগুলির ঘটনা ঘটে বলে জানান পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, বায়েজিদে গত ১৫ দিনে ধর্ষণ করা হয়েছে দুই শিশু। গত ছয় মাসে আট শিশুকে ধর্ষণ করা হয়েছে একই কায়দায়। চকলেটের লোভ দেখিয়ে, টাকার বিনিময়ে লাকড়ি সংগ্রহ করে দেয়ার প্রলোভনে সিএনজি অটোরিকশায় তুলে পাহাড়ে নিয়ে ধর্ষণ করে ছেড়ে দেয়া হতো। ধর্ষণ শেষে আলামত নষ্ট করতে গোসল করানো হতো। শিশুরা কান্নাকাটি করলে ছুরি দিয়ে ভয় দেখানো হতো।
সিএমপি বায়েজিদ বোস্তামি জোনের সহকারী কমিশনার পরিত্রাণ তালুকদার জানান, সাম্প্রতিক সময়ে নগরীর বায়েজিদ বোস্তামি এলাকায় পাঁচ, আকবর শাহ এলাকায় দুই ও খুলশী এলাকায় একজনসহ আট জন বিভিন্ন বয়সের শিশু ধর্ষণের শিকার হয়। অনুসন্ধানে বেলাল দফাদারের সম্পৃক্ততার তথ্য পেয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
এসি পরিত্রাণের দাবি, গ্রেপ্তারের পর শান্তিনগর আবাসিক এলাকায় পাহাড়ে বেলালের সহযোগীদের সঙ্গে পুলিশের গোলাগুলি হয়। এতে গুলিবিদ্ধ হয়ে বেলাল মারা যায়। ঘটনাস্থল থেকে পুলিশ অস্ত্র ও ইয়াবা উদ্ধার করেছে। ২০১৬ সালে বায়েজিদ এলাকায় এক শিশুকে ধর্ষণের জন্য অটোরিকশায় তুলে নিয়ে যাবার সময় জনতা তাকে ধরে পুলিশের কাছে সোপর্দ করেছিল। গত বছর জামিনে বেরিয়ে আসে বেলাল ।





